তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আইএসআইএলের ছয় সদস্য ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আইএসআইএলের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রোববার রাতভর ১৩টি প্রদেশে সংগঠনটির ঘাঁটিতে মোট ১০৮টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার […]
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আইএসআইএলের ছয় সদস্য ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আইএসআইএলের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রোববার রাতভর ১৩টি প্রদেশে সংগঠনটির ঘাঁটিতে মোট ১০৮টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় রোববার রাত ২টার দিকে ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় সেখানে অবস্থানরত আইএসআইএল সদস্যদের সঙ্গে পুলিশের তীব্র গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ কর্মকর্তা ও আইএসআইএলের ছয় সদস্য নিহত হন। এ ঘটনায় আরও আট পুলিশ সদস্য এবং একজন নৈশপ্রহরী আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযানের সময় বাড়িটিতে থাকা পাঁচজন নারী ও ছয় শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। অভিযানের আগে ওই এলাকায় সাধারণ মানুষ ও যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
বন্দুকযুদ্ধের পর নিরাপত্তাজনিত কারণে ইয়ালোভা গভর্নরেটের আশপাশের পাঁচটি স্কুলে সাময়িকভাবে ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।
এদিকে আল জাজিরার ইস্তাম্বুল প্রতিনিধি সিনেম কোসেওগলু জানিয়েছেন, বড়দিন ও নববর্ষের ছুটিকে সামনে রেখে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে তুরস্কজুড়ে আইএসআইএলের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার তুর্কি কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে ১২৪টি স্থানে অভিযান চালিয়ে আইএসআইএলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।