২০২৫–২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ পর্যন্ত চলচ্চিত্র নির্মাণে আগ্রহীরা পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে পারবেন। এর আগে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল ২৯ জানুয়ারি। তবে আগ্রহী নির্মাতাদের […]
২০২৫–২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ পর্যন্ত চলচ্চিত্র নির্মাণে আগ্রহীরা পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে পারবেন।
এর আগে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল ২৯ জানুয়ারি। তবে আগ্রহী নির্মাতাদের সুবিধার্থে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
২৯ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫–২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান, লেখক ও চিত্রনাট্যকারদের কাছ থেকে প্যাকেজ প্রস্তাব আহ্বান করা হয়েছে।
চলচ্চিত্র শিল্পের বিকাশ এবং সৃজনশীল ও মেধাবী নির্মাতাদের উৎসাহিত করতে আগামী অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ৩২টি চলচ্চিত্রে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি মূল কপিসহ মোট ১২ সেট এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রেও একটি মূল কপিসহ ১২ সেট পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
মন্ত্রণালয়ের এই উদ্যোগকে দেশের চলচ্চিত্র শিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি ও গুণগত নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।