বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কারলেট ইকোস’ (বাংলা নাম ‘রক্তিম’) জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল–এর মূল প্রতিযোগিতা বিভাগে। উৎসবের ৫৬তম আসরে এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়া ৭ হাজার ১২৫টি চলচ্চিত্রের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কারলেট ইকোস’ (বাংলা নাম ‘রক্তিম’) জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল–এর মূল প্রতিযোগিতা বিভাগে। উৎসবের ৫৬তম আসরে এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়া ৭ হাজার ১২৫টি চলচ্চিত্রের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে মাত্র ৬০টি। এর মধ্যে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে জায়গা পেয়েছে তরুণ নির্মাতা হেমন্ত সাদীক পরিচালিত ‘স্কারলেট ইকোস’। বিশ্বের ৪৪টি দেশের নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এই কাজটি।
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি একটি ডকু-ফিকশনধর্মী চলচ্চিত্র। বাস্তব আন্দোলনের ফুটেজের সঙ্গে কাহিনিনির্ভর দৃশ্যের মেলবন্ধনে নির্মিত গল্পের কেন্দ্রীয় চরিত্র আদনান, একজন আলোকচিত্রী ও একক বাবা। তার ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে ঢাকার রাজপথ, আন্দোলনের উত্তাল বাস্তবতা এবং সাধারণ মানুষের আশা–আকাঙ্ক্ষা।
চলচ্চিত্রটির প্রযোজক দিলরুবা হোসেন দোয়েল জানান, কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই পুরো টিমের সম্মিলিত উদ্যোগে ছবিটি নির্মাণ করা হয়েছে। আন্দোলনের ভেতরে থেকেই একটি স্মার্টফোন ব্যবহার করে ধারণ করা হয়েছে ছবির প্রায় ৮০ শতাংশ দৃশ্য। নির্মাণের সঙ্গে যুক্ত সবাই কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন।
‘স্কারলেট ইকোস’ উৎসর্গ করা হয়েছে প্রয়াত আলোকচিত্রী তাহির জামান প্রিয়–কে। জুলাই আন্দোলনের সময় সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাতা এই চলচ্চিত্রটি তৈরি করেন।
উল্লেখ্য, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল এফআইএপিএফ স্বীকৃত একটি উৎসব। এটি একই সঙ্গে অস্কার, বাফটা ও ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস কোয়ালিফাইং ফেস্টিভ্যাল, যা বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে অত্যন্ত সম্মানজনক হিসেবে বিবেচিত। ফ্রান্সের ক্লেরমন্ট ফেরাঁন্দ উৎসবের পাশাপাশি একমাত্র এই উৎসবই একযোগে এসব স্বীকৃতি বহন করে।
আগামী ৪ থেকে ৮ মার্চ ফিনল্যান্ডের টেম্পেয়ার শহরে অনুষ্ঠিত হবে উৎসবটির ৫৬তম আসর। সেখানেই মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্কারলেট ইকোস’–এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।