প্রচণ্ড শীতের মধ্যে ইউক্রেনজুড়ে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সময় রাজধানী কিয়েভসহ একাধিক এলাকায় বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যমতে, বুধবার ভোর থেকে রাশিয়া দেশটির বিভিন্ন স্থানে শতাধিক ড্রোন হামলা চালায়। এর বেশির ভাগ […]
ছবি: সংগৃহীত
প্রচণ্ড শীতের মধ্যে ইউক্রেনজুড়ে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সময় রাজধানী কিয়েভসহ একাধিক এলাকায় বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যমতে, বুধবার ভোর থেকে রাশিয়া দেশটির বিভিন্ন স্থানে শতাধিক ড্রোন হামলা চালায়। এর বেশির ভাগ প্রতিহত করা সম্ভব হলেও অন্তত ১৪টি স্থানে সরাসরি আঘাত বা ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েকটি এলাকায় বেসামরিক হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, কিয়েভ, খারকিভ, সুমি ও পোল্টাভা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে বেশি সংকটাপন্ন। এছাড়া নিপ্রো ও চেরকাসি অঞ্চলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চরম শীতের মধ্যে এই হামলাকে “বর্বরতা” এবং “অত্যন্ত নিকৃষ্ট আচরণ” হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর তিনি এ মন্তব্য করেন।
এর আগে ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরই রাশিয়া নতুন করে আক্রমণ শুরু করে। সোমবার রাতের হামলায় ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।
তিনি বলেন, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার ফলে কিয়েভে বিদ্যুৎ পুনরুদ্ধারে দুই শতাধিক কর্মী কাজ করছেন। এখনো রাজধানীর এক হাজার ১০০টির বেশি অ্যাপার্টমেন্ট বিদ্যুৎবিহীন রয়েছে। এছাড়া পূর্ব ইউক্রেনের দ্রুজকিভকা শহরে গুচ্ছ বোমা হামলায় সাতজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে উদ্যোগ জোরদার করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এ লক্ষ্যে বুধবার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।
তবে রাশিয়া যুদ্ধবিরতির আহ্বান বারবার প্রত্যাখ্যান করে আসছে। ফলে আবুধাবিতে দ্বিতীয় দফার আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। চলমান হামলার কারণে যুদ্ধ বন্ধের সম্ভাবনাও আপাতত ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।