ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে বাধ্য করতে ইতোমধ্যে মোতায়েন থাকা একটি শক্তিশালী রণতরির পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরিও পাঠানো হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের বিশাল এই বিমানবাহী রণতরিটি […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে বাধ্য করতে ইতোমধ্যে মোতায়েন থাকা একটি শক্তিশালী রণতরির পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরিও পাঠানো হচ্ছে।
মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের বিশাল এই বিমানবাহী রণতরিটি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে থেকেই আরব সাগরে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারসহ ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরি মোতায়েন রয়েছে। ফোর্ড পৌঁছালে ওই অঞ্চলে একসঙ্গে দুটি শক্তিশালী বিমানবাহী রণতরি ও তাদের সহযোগী যুদ্ধজাহাজ অবস্থান করবে, যা সামরিক শক্তি প্রদর্শনের একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
মোতায়েনের এই খবরটি প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। এমন সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের প্রভাব পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই নতুন কোনো বড় ধরনের হামলা পরিস্থিতিকে আরও বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পরমাণু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর পরিণতি হবে ‘খুবই যন্ত্রণাদায়ক’। তিনি ওমানের মাধ্যমে চলমান পরোক্ষ আলোচনার কথা উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্র আগামী এক মাসের মধ্যেই একটি কার্যকর চুক্তি চায়।
এছাড়া বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার পাশাপাশি হামাস ও হিজবুল্লাহ-কে দেওয়া সমর্থন প্রত্যাহারের দাবি জানান।
বর্তমানে ইরান দেশীয় ও আন্তর্জাতিক—দুই দিক থেকেই তীব্র সংকটের মুখে রয়েছে। গত মাসে দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়, যার স্মরণে এখনো ৪০ দিনের শোক পালন করা হচ্ছে। কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি এবং সামাজিক অস্থিরতার কারণে দেশটির ভেতরে ব্যাপক চাপ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকসভা ও দেশাত্মবোধক গানের দৃশ্যও ছড়িয়ে পড়ছে।
২০২৫ সালের জুন থেকে ইউএসএস ফোর্ডের নাবিকরা প্রায় আট মাস ধরে সমুদ্রে অবস্থান করছেন। নতুন নির্দেশনার ফলে তাদের এই মোতায়েন আরও দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি।