এক্স (সাবেক টুইটার), টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবং বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মঙ্গল গ্রহে শহর নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে আপাতত সরে এসে চাঁদে স্থায়ী মানব বসতি গড়ার দিকে মনোযোগ দিচ্ছে স্পেসএক্স। তার ভাষ্য অনুযায়ী, চাঁদের বুকে একটি ‘স্ববর্ধনশীল শহর’ গড়ে তোলা সম্ভব এবং সেটি […]
ছবি: সংগৃহীত
এক্স (সাবেক টুইটার), টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবং বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মঙ্গল গ্রহে শহর নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে আপাতত সরে এসে চাঁদে স্থায়ী মানব বসতি গড়ার দিকে মনোযোগ দিচ্ছে স্পেসএক্স। তার ভাষ্য অনুযায়ী, চাঁদের বুকে একটি ‘স্ববর্ধনশীল শহর’ গড়ে তোলা সম্ভব এবং সেটি ১০ বছরেরও কম সময়ের মধ্যেই বাস্তবায়ন করা যেতে পারে।
মঙ্গলের বদলে চাঁদে নজর
মাস্কের প্রস্তাবিত ‘স্ববর্ধনশীল শহর’ ধারণাটি এখনো আনুষ্ঠানিক কোনো নকশা বা বিস্তারিত পরিকল্পনার পর্যায়ে পৌঁছায়নি। এটি মূলত তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি উচ্চাভিলাষী ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ধারণাটি হলো, চাঁদের নিজস্ব সম্পদ ব্যবহার করে ধাপে ধাপে একটি স্থায়ী মানব বসতি গড়ে তোলা, যা সময়ের সঙ্গে সঙ্গে সম্প্রসারিত হবে। এর জন্য চাঁদে ঘন ঘন রকেট উৎক্ষেপণের পরিকল্পনাও রয়েছে।
নিজের পোস্টে মাস্ক বলেন, চাঁদে শহর গড়ে তুলতে যেখানে ১০ বছরের কম সময় লাগতে পারে, সেখানে একই ধরনের উদ্যোগ মঙ্গল গ্রহে বাস্তবায়নে ২০ বছরেরও বেশি সময় প্রয়োজন হবে। তিনি ব্যাখ্যা করেন, মঙ্গলে যাওয়ার ক্ষেত্রে প্রতি ২৬ মাস পরপর গ্রহগুলোর অবস্থান অনুকূলে আসে, ফলে যাত্রার সুযোগ সীমিত। বিপরীতে, চাঁদের উদ্দেশে প্রতি ১০ দিন অন্তর উৎক্ষেপণ করা সম্ভব, যেখানে যাত্রা সময় মাত্র দুই দিন। এতে করে চাঁদে অবকাঠামো গড়ার গতি অনেক দ্রুত বাড়ানো যাবে।
তবে বৈদ্যুতিক গাড়ি, স্বয়ংচালিত প্রযুক্তি ও মহাকাশ অভিযানে মাস্কের অতীত অভিজ্ঞতা দেখায়, তিনি প্রায়ই অত্যন্ত উচ্চাভিলাষী সময়সীমা নির্ধারণ করেন, যার অনেকগুলো নির্ধারিত সময়ে পূরণ হয়নি।
কীভাবে বাস্তবায়ন সম্ভব?
যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিষয়ক বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ড. সাংউ লিমের মতে, স্পেসএক্সের এই পরিকল্পনা নিঃসন্দেহে অত্যন্ত উচ্চাভিলাষী হলেও একে ‘বৈজ্ঞানিক কল্পকাহিনি’ বলা যাবে না। তার ভাষ্য, চাঁদের মাটি ব্যবহার করে অক্সিজেন, পানি ও নির্মাণসামগ্রী উৎপাদনের ধারণা তাত্ত্বিকভাবে বাস্তবসম্মত এবং পৃথিবীতেও এ ধরনের শিল্পপ্রক্রিয়া চালু রয়েছে।
তবে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি উল্লেখ করেন চাঁদের কঠোর পরিবেশ—চরম তাপমাত্রা, সূক্ষ্ম ধূলিকণা, স্বল্প মাধ্যাকর্ষণ ও সীমিত শক্তি সরবরাহ। এসব পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা কঠিন। তাই এগুলোর ওপর নির্ভর করার আগে চাঁদের পৃষ্ঠে পর্যাপ্ত পরীক্ষানিরীক্ষা জরুরি।
ড. লিম আরও বলেন, সরকারি মহাকাশ সংস্থাগুলো সাধারণত সতর্কতার সঙ্গে এগোয়, কারণ তারা জনঅর্থায়ন ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। ফলে নতুন ধারণা দ্রুত পরীক্ষা করার সুযোগ সীমিত থাকে। অন্যদিকে, স্পেসএক্স তুলনামূলক স্বাধীনভাবে কাজ করতে পারে। তাদের নতুন প্রজন্মের রকেট ব্যবস্থা সফল হলে, কম খরচে ও ঘন ঘন চাঁদে সরঞ্জাম পাঠানো সম্ভব হবে, যা এই উদ্যোগকে ত্বরান্বিত করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ও সাবেক নাসা নভোচারী জেফরি হফম্যানের মতে, স্পেসএক্স ও জেফ বেজোসের ব্লু অরিজিন যদি কার্যকর চন্দ্র অবতরণ যান তৈরি করতে পারে, তবে একটি স্থায়ী চন্দ্রঘাঁটির জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা এখনই গড়ে তোলা সম্ভব। তবে তিনি মনে করেন, মঙ্গল অভিযান এখনো অনেক দূরের লক্ষ্য। চাঁদে টেকসই আবাসন গড়ার অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল অভিযানের পথ সহজ করতে পারে।
বাড়ছে বৈশ্বিক প্রতিযোগিতা
মাস্কের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চাঁদে মানব অভিযান নিয়ে চীনের প্রতিযোগিতা তীব্র হচ্ছে। ১৯৭২ সালে নাসার অ্যাপোলো-১৭ মিশনের পর থেকে চাঁদের বুকে মানুষের পদচিহ্ন পড়েনি। তবে চলতি দশকের মধ্যেই আবার মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা নিয়ে বিভিন্ন দেশ সক্রিয় হয়ে উঠেছে।
এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-কে স্পেসএক্সের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন মাস্ক। চুক্তি অনুযায়ী, স্পেসএক্সের মূল্য ধরা হয়েছে প্রায় এক ট্রিলিয়ন ডলার এবং এক্সএআই-এর মূল্য প্রায় ২৫০ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, এই একীভূতকরণ মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের মাস্কের উচ্চাভিলাষী পরিকল্পনাকে আরও গতি দিতে পারে।
এছাড়া, ভবিষ্যতে স্পেসএক্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার চিন্তাও করছেন মাস্ক। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে প্রায় ৫০ বিলিয়ন ডলার তোলা সম্ভব হতে পারে, যা ইতিহাসের অন্যতম বৃহৎ আইপিও হতে পারে।
তবে কিছু বিশেষজ্ঞ এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, মহাশূন্যের শূন্যতায় এআই কার্যক্রমে ব্যবহৃত জিপিইউ ঠান্ডা রাখা বড় চ্যালেঞ্জ। কারণ শীতলীকরণের জন্য প্রয়োজনীয় বাতাস সেখানে অনুপস্থিত।
সব মিলিয়ে, চাঁদের বুকে শহর গড়ার মাস্কের স্বপ্ন প্রযুক্তিগতভাবে অসম্ভব নয়, তবে বাস্তবায়নের পথে রয়েছে বিপুল কারিগরি, আর্থিক ও লজিস্টিক চ্যালেঞ্জ। সময়ই বলবে, এই উচ্চাভিলাষী পরিকল্পনা কতটা বাস্তবে রূপ নেয়।