ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে ইরানের শাসকগোষ্ঠীর সদরদপ্তরে ব্যাপক বোমাবর্ষণের দৃশ্য দেখা গেছে। ছবি: এএফপি ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ইরানকে লক্ষ্য করে চালানো অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ মোট ৪০ জন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) এই তথ্য জানানো হয়। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। […]
ছবি: সংগৃহীত
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে ইরানের শাসকগোষ্ঠীর সদরদপ্তরে ব্যাপক বোমাবর্ষণের দৃশ্য দেখা গেছে। ছবি: এএফপি
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ইরানকে লক্ষ্য করে চালানো অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ মোট ৪০ জন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) এই তথ্য জানানো হয়। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, দিনের আলোতে পরিচালিত অভিযানের প্রথম ধাপেই ইরানের ৪০ জন শীর্ষ সামরিক নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনিও ছিলেন। তিনি জানান, ইসরায়েল থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত দুটি ভিন্ন স্থানে একযোগে হামলা চালানো হয় এবং পুরো বোমাবর্ষণের স্থায়িত্ব ছিল মাত্র এক মিনিট।
এদিকে, অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা গত কয়েক মাস ধরে খামেনির গতিবিধির ওপর নিবিড় নজর রাখছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি কম্পাউন্ডে শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে খামেনির বৈঠক হওয়ার কথা ছিল।
প্রাথমিকভাবে ওয়াশিংটন ও তেল আবিব রাতের বেলায় হামলা চালানোর পরিকল্পনা করলেও সিআইএ-র সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। পরে যুক্তরাষ্ট্র এই তথ্য ইসরায়েলের কাছে হস্তান্তর করে, যারা ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে মূল অভিযানের ছক তৈরি করে।

ছবি: সংগৃহীত
নিউইয়র্ক টাইমস আরও জানায়, ইসরায়েলি সময় ভোর প্রায় ৬টার দিকে (গ্রিনিচ মান সময় ০৪:০০) অভিযান শুরু হয় এবং সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ওই কম্পাউন্ডে আঘাত হানে। কম্পাউন্ডের একটি ভবনে ইরানের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অবস্থান করছিলেন, আর খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে।
ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে, খামেনি ছাড়াও এই হামলায় দেশটির দুই শীর্ষ সামরিক নেতা নিহত হয়েছেন। তারা হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি।