ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতৃত্বের এক সদস্য। জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে একটি অধিবেশন অনুষ্ঠিত হতে পারে। বিশেষজ্ঞ পরিষদ–এর সদস্য আয়াতুল্লাহ মোজাফফারি আশা প্রকাশ করে বলেন, দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখনো […]
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতৃত্বের এক সদস্য। জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে একটি অধিবেশন অনুষ্ঠিত হতে পারে।
বিশেষজ্ঞ পরিষদ–এর সদস্য আয়াতুল্লাহ মোজাফফারি আশা প্রকাশ করে বলেন, দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়নি।
এর মধ্যেই আয়াতুল্লাহ আলি খামেনি–র মৃত্যুর পর দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরাইলি হামলার প্রেক্ষাপটে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন কয়েকজন প্রভাবশালী ধর্মীয় নেতা।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশে দ্রুত উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই পরিষদই দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্বে থাকা ধর্মীয় সংস্থা।
এদিকে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত। তবে তেহরান ইতোমধ্যে সেই দাবি প্রত্যাখ্যান করেছে।
ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা এবং বিচার বিভাগের প্রধান—এই তিনজনকে নিয়ে গঠিত একটি অন্তর্বর্তী কাউন্সিল সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে।
সংবিধানে আরও উল্লেখ রয়েছে যে, সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে তিন মাসের মধ্যে নতুন নেতা নির্বাচনের কথা। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ কত দ্রুত বৈঠকে বসতে পারবে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল