ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদের ভারতে গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে—সীমান্ত নিরাপত্তা বাহিনীর নজরদারি এড়িয়ে কীভাবে ওই দুই অভিযুক্ত ভারতে প্রবেশ করতে পারল। রোববার পশ্চিমবঙ্গে এই মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা […]
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদের ভারতে গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে—সীমান্ত নিরাপত্তা বাহিনীর নজরদারি এড়িয়ে কীভাবে ওই দুই অভিযুক্ত ভারতে প্রবেশ করতে পারল।
রোববার পশ্চিমবঙ্গে এই মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)–এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস।
দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে, যেখানে বর্তমানে বিজেপির শরিকদের সরকার ক্ষমতায় রয়েছে। তার অভিযোগ, দেশের সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ পুলিশের হাতেই ওই দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে।
অরূপ চক্রবর্তীর দাবি, মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে পৌঁছাতে হলে আসাম ও ত্রিপুরা রাজ্য অতিক্রম করতে হয়, আর এই দুই রাজ্যেও বর্তমানে বিজেপির সরকার রয়েছে। তাই এতগুলো রাজ্য পেরিয়ে অভিযুক্তরা কীভাবে পশ্চিমবঙ্গে পৌঁছাল—তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।