ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন কিংবা গুরুতরভাবে আহত—এমন গুঞ্জন ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি গত সোমবার এক প্রতিবেদনে এ দাবি প্রকাশ করে। তবে এর পক্ষে এখনো কোনো শক্ত প্রমাণ দেখানো হয়নি। অন্যদিকে ইসরাইলি কর্তৃপক্ষ বিষয়টিকে যুদ্ধকালীন “ভুয়া প্রচারণা” বা “ষড়যন্ত্রমূলক গুজব” হিসেবে নাকচ করে দিয়েছে। ইরানি প্রতিবেদনে […]
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন কিংবা গুরুতরভাবে আহত—এমন গুঞ্জন ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি গত সোমবার এক প্রতিবেদনে এ দাবি প্রকাশ করে। তবে এর পক্ষে এখনো কোনো শক্ত প্রমাণ দেখানো হয়নি। অন্যদিকে ইসরাইলি কর্তৃপক্ষ বিষয়টিকে যুদ্ধকালীন “ভুয়া প্রচারণা” বা “ষড়যন্ত্রমূলক গুজব” হিসেবে নাকচ করে দিয়েছে।
ইরানি প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশ করা হয়নি। একই সঙ্গে জেরুজালেমে তাঁর সরকারি বাসভবনের নিরাপত্তা অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নির্ধারিত ইসরাইল সফর স্থগিত হওয়ার ঘটনাকেও নেতানিয়াহুর শারীরিক অবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটিতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবির কথাও তুলে ধরা হয়েছে। রুশ গণমাধ্যমে প্রকাশিত তার বক্তব্যের বরাতে বলা হয়, ইরান নেতানিয়াহুর গোপন অবস্থানে বোমা হামলা চালিয়েছে এবং এতে তাঁর ভাই নিহত হয়েছেন। তবে তাসনিম নিউজ স্বীকার করেছে, এই দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রত্যাখ্যান পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরাইলের চলমান সরাসরি উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের গুজব ছড়িয়ে দেওয়া এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল হতে পারে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের একটি বিবৃতি প্রকাশ করা হলেও সেখানে কথোপকথনের তারিখ উল্লেখ না থাকায় পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।
অন্যদিকে ইসরাইলি কর্মকর্তারা সরাসরি কোনো মন্তব্য না করলেও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী তাঁর সরকারি দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তাজনিত কারণে তাঁর চলাফেরা আংশিকভাবে গোপন রাখা হচ্ছে।