নেপালে ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে নতুন প্রজন্মের উত্থান দেখা গেছে। এই নির্বাচনে বিপুলসংখ্যক তরুণ আইনপ্রণেতা জয়ী হওয়ায় নতুন পার্লামেন্টে তাদের শক্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রোববার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ১৫৯টি নির্বাচনি এলাকার ফলাফলে দেখা গেছে, ৪০ বছরের কম বয়সী ৫৯ প্রার্থী ফেডারেল আইনসভায় নির্বাচিত হয়েছেন। এতে দেশটির রাজনৈতিক নেতৃত্বে […]
ছবি: সংগৃহীত
নেপালে ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে নতুন প্রজন্মের উত্থান দেখা গেছে। এই নির্বাচনে বিপুলসংখ্যক তরুণ আইনপ্রণেতা জয়ী হওয়ায় নতুন পার্লামেন্টে তাদের শক্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
রোববার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ১৫৯টি নির্বাচনি এলাকার ফলাফলে দেখা গেছে, ৪০ বছরের কম বয়সী ৫৯ প্রার্থী ফেডারেল আইনসভায় নির্বাচিত হয়েছেন। এতে দেশটির রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
যদিও দেশের জনসংখ্যার গড় বয়স মাত্র ২৬, দীর্ঘদিন পার্লামেন্টে প্রাধান্য ছিল প্রবীণ রাজনীতিবিদদের। ২০২২ সালের সংসদে ৫১–৬০ বছর বয়সী সদস্যদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, আর ৪০ বছরের কম বয়সী সদস্য ছিলেন মাত্র ১১ শতাংশ।
এবার তরুণ প্রতিনিধিদের উত্থানে বড় ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। নির্বাচিত ৫৯ জন তরুণের মধ্যে ৫১ জনই আরএসপি থেকে নির্বাচিত হয়েছেন। বাকি আটজনের মধ্যে নেপালি কংগ্রেস থেকে চারজন, সিপিএন-ইউএমএল থেকে দুজন এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি থেকে একজন জয়ী হয়েছেন।
পার্লামেন্টে প্রথমবার প্রবেশ করা তরুণ মুখদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—ঝাপা-৫ থেকে ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, চিতওয়ান-৩ থেকে ৩০ বছর বয়সী সোবিতা গৌতম, রূপানদেহি-২ থেকে ২৮ বছর বয়সী সুলভ খারেল এবং মোরাং-৬ থেকে ৩১ বছর বয়সী রুবিনা আচার্য।
রাজনৈতিক বিশ্লেষক সুচেতা প্যাকুরিয়াল মনে করেন, তরুণ নেতৃত্বের উত্থান নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শিক্ষা, আধুনিক শাসন, জলবায়ু নীতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এর প্রভাব পড়তে পারে।
তবে প্যাকুরিয়াল সতর্ক করে বলেন, প্রশাসনিক কাঠামো এখনও পুরোনো প্রাতিষ্ঠানিক ধারার ওপর দাঁড়িয়ে আছে। তাই তরুণ রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের মধ্যে সমন্বয় রক্ষা করা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
তরুণ রাজনৈতিক বিশ্লেষক নবিন তিওয়ারি বলেন, সংসদে যুব প্রতিনিধিদের ক্রমবর্ধমান উপস্থিতি ইতিবাচক হলেও শুধুমাত্র বয়সের ভিত্তিতে পরিবর্তনের আশা করা ঠিক হবে না।