হরমুজ প্রণালির অবরোধ তুলে নিতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুঁশিয়ারিও দেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানায়, তাদের স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় জবাব দেওয়া হবে। এই হুমকি-পাল্টা হুমকিতে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়লেও সময়সীমা শেষে হঠাৎ করেই সুর […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির অবরোধ তুলে নিতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুঁশিয়ারিও দেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানায়, তাদের স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় জবাব দেওয়া হবে।
এই হুমকি-পাল্টা হুমকিতে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়লেও সময়সীমা শেষে হঠাৎ করেই সুর বদলান ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্ভাব্য হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং একটি সমাধানের পথ তৈরি হচ্ছে। তবে এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, বরং বিভ্রান্তি ছড়াতেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আগ্রাসনের জবাবে পূর্ণাঙ্গ শাস্তি না দেওয়া পর্যন্ত ইরান তাদের অবস্থান থেকে সরে আসবে না। একইসঙ্গে ইরানের সামরিক বাহিনীও জানিয়ে দিয়েছে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।
এরই মধ্যে ইসরাইলের বিভিন্ন শহরে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে তেল আবিবসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরাইলের দাবি, হাজার হাজার মানুষ এতে আহত হয়েছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলও ইরানের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে। একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার কথা জানিয়েছে তেল আবিব।
মধ্যপ্রাচ্যের বাইরে ইরাকেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে একটি সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে আঘাত হানার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
এ পরিস্থিতিতে বিশ্ববাজারেও প্রভাব পড়েছে। ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর তেলের দাম কিছুটা কমলেও অস্থিরতা এখনো কাটেনি।
বিশ্লেষকদের মতে, একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক অস্বীকৃতি—সব মিলিয়ে পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত রয়ে গেছে।