দেশে ক্রমেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে মিজেলস বা হাম। টিকা নেওয়ার স্বাভাবিক বয়সের আগেই শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা এবং দ্রুত সংক্রমণের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় রাজধানীসহ দেশের সব সরকারি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত […]
ছবি: সংগৃহীত
দেশে ক্রমেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে মিজেলস বা হাম। টিকা নেওয়ার স্বাভাবিক বয়সের আগেই শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা এবং দ্রুত সংক্রমণের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় রাজধানীসহ দেশের সব সরকারি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে মোট ৬৭৫ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ৭৮ জন, ফেব্রুয়ারিতে ২৪১ জন এবং মার্চে ৩৫৬ জন শনাক্ত হয়েছেন। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৬ জেলাতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত রাঙামাটি, বান্দরবান, বাগেরহাট, মেহেরপুর, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড় ও গাইবান্ধা—এই আট জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। সেখানে মোট ২৪৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮৫ জন এবং ঢাকা জেলায় ৩২ জন আক্রান্ত হয়েছেন। রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা ১৩৭ জন, যার মধ্যে পাবনা জেলাতেই সর্বোচ্চ ৫৬ জন। ময়মনসিংহ বিভাগে ৮০ জনের সংক্রমণ ধরা পড়েছে, এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ৪৭ জন। চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, যার মধ্যে চাঁদপুরে ১৯ জন; বরিশাল বিভাগে ৫১ জন, যার মধ্যে বরগুনায় ২৪ জন; খুলনায় ৫১ জন, যার মধ্যে যশোরে ২১ জন; সিলেট বিভাগে ১৩ জন, যার মধ্যে মৌলভীবাজারে ৬ জন; আর রংপুর বিভাগে ৬ জন, যার মধ্যে ঠাকুরগাঁওয়ে ২ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর এই সময় হাম আক্রান্ত রোগী ছিল ৯ জন। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালের এই সময়ে রোগীর সংখ্যা ছিল ৬৪ জন। এবার সংক্রমণের এই ঊর্ধ্বগতি নিয়ে স্বাস্থ্য মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ইনচার্জ অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, করোনাভাইরাসের সময় প্রায় ৩০ শতাংশ শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে ছিল। এর ফলে তাদের শরীরে রোগপ্রতিরোধী অ্যান্টিবডির ঘাটতি তৈরি হয়েছে। তার মতে, হাম কোভিডের চেয়েও বেশি ছোঁয়াচে; একজন আক্রান্ত শিশু থেকে দ্রুত ১৮ জন শিশুর মধ্যে রোগ ছড়িয়ে পড়তে পারে। পর্যাপ্ত আলাদা রাখার ব্যবস্থা না থাকা এবং অপুষ্টিও বর্তমান ঝুঁকিকে আরও বাড়িয়েছে।
সংক্রামক ব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল জানান, গত তিন মাসে মৃত ২২ শিশুর অধিকাংশের বয়স ছিল ৩ থেকে ১০ মাস। তার ভাষায়, টিকা পাওয়ার আগেই আক্রান্ত হওয়া এবং নিউমোনিয়া বা হৃদ্যন্ত্রের সমস্যার মতো জটিলতা থাকায় মৃত্যুঝুঁকি বেড়েছে। তিনি বলেন, শুধু হাম নয়, এর সঙ্গে অন্যান্য জটিলতা যুক্ত হওয়ায় এসব মৃত্যু ঘটছে।
চিকিৎসকেরা জানান, হামের প্রাথমিক লক্ষণ হলো জ্বর, সর্দি ও শরীরব্যথা। এরপর চোখ লাল হওয়া, শ্বাসতন্ত্রে জটিলতা এবং শরীরে লালচে দাগ বা ছোপ দেখা দিতে পারে। গালের ভেতরে ‘কপলিক স্পট’ দেখা দিলে হাম নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস বয়সী শিশুদেরও হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, নতুন করে টিকা সংগ্রহের জন্য সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।