বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে এবং তার স্বামী গোল্ডি বহেল পুনের মাভাল এলাকার একটি জমি নিয়ে আইনি বিরোধে জড়িয়েছেন। স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্ডের অভিযোগ, প্রায় ৩০ গুণ্ঠা জমির মালিকানা ও কেনাবেচার প্রক্রিয়ায় অনিয়ম এবং জালিয়াতি হয়েছে। অভিযোগকারীর দাবি, ১৯৫৭ সাল থেকে বিতর্কিত জমিটি তাদের পারিবারিক দখলে রয়েছে। সেই অধিকার উপেক্ষা করে জমিটি অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া […]
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে এবং তার স্বামী গোল্ডি বহেল পুনের মাভাল এলাকার একটি জমি নিয়ে আইনি বিরোধে জড়িয়েছেন।
স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্ডের অভিযোগ, প্রায় ৩০ গুণ্ঠা জমির মালিকানা ও কেনাবেচার প্রক্রিয়ায় অনিয়ম এবং জালিয়াতি হয়েছে।
অভিযোগকারীর দাবি, ১৯৫৭ সাল থেকে বিতর্কিত জমিটি তাদের পারিবারিক দখলে রয়েছে। সেই অধিকার উপেক্ষা করে জমিটি অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে বেআইনি স্থাপনা নির্মাণের চেষ্টা এবং পরিবারকে ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলা হয়েছে।
এ ঘটনায় পুনে জেলার ভাদগাঁও মাভাল দেওয়ানি আদালতে মামলা হয়েছে। মামলায় সোনালি বেন্দ্রে ও গোল্ডি বহেল ছাড়াও আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত আগামী ২০ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।
তবে সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সোনালি বেন্দ্রে। তার আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট জমির কোনো সরকারি নথি বা কেনাবেচার কাগজে অভিনেত্রীর নাম নেই। তাদের ভাষ্য, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
আইনজীবী আরও জানান, অভিযোগকারী এর আগে তহশিলদার ও মহকুমা প্রশাসকের কাছেও একাধিকবার আবেদন করেছিলেন, তবে সেগুলো খারিজ হয়ে যায়। এখন বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।