ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার জেরেই পুরো মধ্যপ্রাচ্য এখন অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের ফলেই অঞ্চলজুড়ে উত্তেজনা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাত ভৌগোলিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই আরও তীব্র আকার ধারণ করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড […]
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার জেরেই পুরো মধ্যপ্রাচ্য এখন অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের ফলেই অঞ্চলজুড়ে উত্তেজনা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে।
ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাত ভৌগোলিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই আরও তীব্র আকার ধারণ করছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্টার সানডে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হবে।
ট্রাম্পের এই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, মস্কো বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে এ নিয়ে সরাসরি মন্তব্য করতে আপাতত আগ্রহী নয় রাশিয়া।
পেসকভ বলেন, “আমরা স্পষ্টভাবে দেখছি ওই অঞ্চলে উত্তেজনা ক্রমাগত বাড়ছে এবং তা অব্যাহত রয়েছে। বাস্তবে পুরো অঞ্চল এখন জ্বলছে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু হয়েছে, এটি তারই অত্যন্ত বিপজ্জনক ও নেতিবাচক পরিণতি।”
তিনি আরও বলেন, এই সংঘাতের ভৌগোলিক বিস্তার বাড়ছে, যার প্রভাব এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই; বরং বৈশ্বিক অর্থনীতিতেও এর নেতিবাচক অভিঘাত পড়ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ, নৌপথ ও আন্তর্জাতিক বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।