টানা ৩৮ দিনের সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র ১৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই বিরতির মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নতুন করে টোল আরোপ করেছে তেহরান। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে […]
ছবি: সংগৃহীত
টানা ৩৮ দিনের সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র ১৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই বিরতির মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নতুন করে টোল আরোপ করেছে তেহরান। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে এই টোল ব্যবস্থা কার্যকর থাকবে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে আগাম টোল পরিশোধের নির্দেশ দিয়েছে। বিশেষভাবে বলা হয়েছে, এই অর্থ পরিশোধ করতে হবে ক্রিপ্টোকারেন্সি অথবা চীনের মুদ্রা ইউয়ানে।
অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক ইরানি বাণিজ্য প্রতিনিধির তথ্যমতে, প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল নির্ধারণ করা হয়েছে। ফলে বড় তেলবাহী সুপার ট্যাংকারগুলোর ক্ষেত্রে এই ব্যয় কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে খালি জাহাজের জন্য কোনো টোল প্রযোজ্য হবে না।
নতুন নির্দেশনা অনুযায়ী, হরমুজ প্রণালি অতিক্রমের আগে জাহাজ কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে আগাম নোটিশ পাঠাতে হবে এবং জাহাজের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। ইরানি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো জাহাজ প্রণালিতে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি প্রবেশের আগেই টোল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে এবং তা শুধুমাত্র বিটকয়েন বা ইউয়ানে গ্রহণ করা হবে।
নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে বলা হয়েছে, যা কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যায়। ইরানের দাবি, মিত্র দেশগুলোর জাহাজ সহজে চলাচলের সুযোগ পেলেও শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজের ক্ষেত্রে বিলম্ব বা বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেন এড়িয়ে বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ান বেছে নিয়েছে তেহরান। এর ফলে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমবে এবং নিষেধাজ্ঞা পাশ কাটানো তুলনামূলক সহজ হবে।
আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইউয়ানে টোল আদায় ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এই নতুন ব্যবস্থায় উপসাগরীয় আরব দেশগুলোর উদ্বেগ বেড়েছে, কারণ এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।