লেবাননে ইসরাইলের তীব্র বিমান হামলায় শিশুদের ওপর ভয়াবহ ও অমানবিক প্রভাব পড়ছে বলে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, মঙ্গলবারের বোমা হামলায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৩৩ শিশু নিহত এবং ১৫৩ শিশু আহত হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউনিসেফের মতে সর্বশেষ এই রক্তক্ষয়ী হামলা ২ মার্চ থেকে চলমান সহিংসতায় শিশু […]
ছবি: সংগৃহীত
লেবাননে ইসরাইলের তীব্র বিমান হামলায় শিশুদের ওপর ভয়াবহ ও অমানবিক প্রভাব পড়ছে বলে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, মঙ্গলবারের বোমা হামলায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৩৩ শিশু নিহত এবং ১৫৩ শিশু আহত হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউনিসেফের মতে সর্বশেষ এই রক্তক্ষয়ী হামলা ২ মার্চ থেকে চলমান সহিংসতায় শিশু হতাহত হওয়ার সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ৬০০ শিশু নিহত বা আহত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
ইউনিসেফ আরও জানায়, চলমান হামলায় লেবাননজুড়ে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে আনুমানিক ৩ লাখ ৯০ হাজার শিশু রয়েছে। অনেক শিশুকে একাধিকবার নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।
সংস্থাটি বলছে, বহু শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে। অনেক শিশু এখনো নিখোঁজ রয়েছে এবং অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রিয়জন হারানো, ঘরবাড়ি ধ্বংস হওয়া এবং বারবার স্থানচ্যুত হওয়ার কারণে তারা গভীর মানসিক আঘাত ও ট্রমার মধ্যে রয়েছে।
ইউনিসেফ জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী শিশুদেরসহ সব বেসামরিক নাগরিককে সব পরিস্থিতিতে সুরক্ষা দেওয়া বাধ্যতামূলক।
সূত্র: আলজাজিরা