সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১০ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬

হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধে সায় দিল না ন্যাটো, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ল

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে না সামরিক জোট ন্যাটো। সোমবার জোটভুক্ত দেশগুলো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চলমান যুদ্ধ থামা পর্যন্ত তারা এই প্রণালিতে কোনো সামরিক হস্তক্ষেপে অংশ নেবে না। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ন্যাটোর এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অস্বস্তির কারণ হতে পারে। কারণ এর ফলে যুক্তরাষ্ট্রের […]

হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধে সায় দিল না ন্যাটো, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে না সামরিক জোট ন্যাটো। সোমবার জোটভুক্ত দেশগুলো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চলমান যুদ্ধ থামা পর্যন্ত তারা এই প্রণালিতে কোনো সামরিক হস্তক্ষেপে অংশ নেবে না।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ন্যাটোর এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অস্বস্তির কারণ হতে পারে। কারণ এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা মিত্রদের কূটনৈতিক দূরত্ব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজে অবরোধ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশ্বের বহু দেশ তার পাশে থাকবে। কিন্তু ন্যাটোর বর্তমান নেতৃত্ব সেই প্রত্যাশায় পানি ঢেলে দিয়েছে।

জোটের অবস্থান ঘিরে সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া এসেছে যুক্তরাজ্যের কাছ থেকে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বিবিসিকে বলেন, তারা এই অবরোধকে সমর্থন করছেন না। তার ভাষায়, চাপ যতই আসুক, যুক্তরাজ্য এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে না। একই সুরে জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিসও হরমুজ প্রণালিতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তুলনামূলক নমনীয় অবস্থান দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের সম্ভাবনা নিয়ে তিনি যুক্তরাজ্যসহ অন্য দেশের সঙ্গে আলোচনা করবেন। তবে ম্যাক্রোঁ স্পষ্ট করেছেন, সার্বিক পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এমন উদ্যোগ শুরু করা হবে না।

বিশ্লেষকদের মতে, ন্যাটোর এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। কারণ হরমুজ প্রণালি শুধু আঞ্চলিক জলপথ নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। এই পথে যেকোনো সামরিক পদক্ষেপ বিশ্ববাজার, জ্বালানি তেল, নৌপথ নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

ফলে যুক্তরাষ্ট্রের একক অবস্থানের বিপরীতে মিত্রদের সরে দাঁড়ানো এখন কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের মাঠে নয়, বরং সমুদ্রপথের নিয়ন্ত্রণকে ঘিরে যে নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, ন্যাটোর এই সিদ্ধান্ত সেটিকেই আরও স্পষ্ট করে তুলল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ