পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ দ্বিপাক্ষিক আলোচনা ফলহীনভাবে শেষ হওয়ার পর নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান আগ্রহী হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তেহরান এখন একটি চুক্তির জন্য “অত্যন্ত মরিয়া” অবস্থায় রয়েছে। সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ইসলামাবাদ বৈঠকে কোনো দৃশ্যমান অগ্রগতি না আসার পর থেকেই ইরান […]
ছবি: সংগৃহীত
পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ দ্বিপাক্ষিক আলোচনা ফলহীনভাবে শেষ হওয়ার পর নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান আগ্রহী হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তেহরান এখন একটি চুক্তির জন্য “অত্যন্ত মরিয়া” অবস্থায় রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ইসলামাবাদ বৈঠকে কোনো দৃশ্যমান অগ্রগতি না আসার পর থেকেই ইরান আবারও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের পথ খুঁজছে বলে ট্রাম্প মনে করছেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে মূল জটিলতা এখনো ইরানের পারমাণবিক কর্মসূচি। এ ইস্যুতেই আলোচনার বড় অংশ আটকে আছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের অবস্থান কাছাকাছি এলেও পারমাণবিক সক্ষমতা, তদারকি কাঠামো এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
এর আগে শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে টানা প্রায় ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ম্যারাথন সেই আলোচনা রোববার সকাল পর্যন্ত চললেও শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
এই বৈঠকের পরপরই সোমবার ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র কঠোর অবরোধমূলক ব্যবস্থা আরোপ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, এই অর্থনৈতিক ও কৌশলগত চাপই ইরানকে নতুন করে আলোচনায় ফেরার দিকে ঠেলে দিতে পারে।
তবে বিশেষজ্ঞদের ধারণা, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের কঠোর অবস্থান এবং সার্বভৌম নিরাপত্তার প্রশ্নে তেহরানের অনড় মনোভাবের কারণে দ্রুত কোনো চুক্তিতে পৌঁছানো এখনো কঠিন হয়ে আছে।