মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের অর্থনীতিকে চরম চাপের মুখে ফেলে যুদ্ধের সমাপ্তি টানতে তেহরানকে শর্ত মানতে বাধ্য করার কৌশল নিয়েছে। সেই কৌশলের অংশ হিসেবেই সোমবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন নৌ অবরোধ কার্যকর হয়েছে। তেহরান এই পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘জলদস্যুতার সমতুল্য’ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের অর্থনীতিকে চরম চাপের মুখে ফেলে যুদ্ধের সমাপ্তি টানতে তেহরানকে শর্ত মানতে বাধ্য করার কৌশল নিয়েছে। সেই কৌশলের অংশ হিসেবেই সোমবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন নৌ অবরোধ কার্যকর হয়েছে। তেহরান এই পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘জলদস্যুতার সমতুল্য’ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, তবে এবারের নৌ অবরোধ আগের যেকোনো চাপের তুলনায় অনেক বেশি ক্ষতিকর হতে পারে। কারণ দেশটির বৈদেশিক আয়ের প্রধান উৎস তেল ও গ্যাস রপ্তানির প্রায় পুরো ব্যবস্থাই সমুদ্রবন্দরনির্ভর।
ইরান মূলত তার দক্ষিণাঞ্চলের বন্দরগুলো ব্যবহার করে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে থাকে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। কিন্তু বিস্ময়করভাবে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গত এক মাসে ইরানের তেল রপ্তানি আয় উল্টো বেড়েছে।
উপলব্ধ জ্বালানি বাজারের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে মাসিক তেল আয় যেখানে ছিল প্রায় ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, সেখানে ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মাত্র এক মাসে সেই আয় বেড়ে দাঁড়ায় প্রায় ৪ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে। অর্থাৎ যুদ্ধের আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি আয় করেছে তেহরান।
জ্বালানি বাজার বিশ্লেষণ সংস্থার হিসাব অনুযায়ী, মার্চ মাসে ইরান দৈনিক প্রায় ১ দশমিক ৮৪ মিলিয়ন ব্যারেল এবং এপ্রিলের শুরুতে ১ দশমিক ৭১ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। গত এক মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৫ দশমিক ২২ মিলিয়ন ব্যারেল। প্রতি ব্যারেলের মূল্য ৯০ থেকে ১০০ ডলারের নিচে নামেনি, যা এই বাড়তি আয়ের অন্যতম কারণ।
তবে মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর হলে এই রপ্তানি সক্ষমতা বড় ধরনের ধাক্কা খাবে। বিশ্লেষকদের মতে, ইরান তখন আগের মতো সহজে তেলবাহী ট্যাংকার পাঠাতে পারবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অ-ইরানি জাহাজগুলোর ওপর যে কৌশলগত প্রভাব ছিল, সেটিও দুর্বল হয়ে পড়বে।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে, বর্তমানে সমুদ্রে ভাসমান অবস্থায় ইরানের প্রায় ১৫৭ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল তেল রয়েছে। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশই চীনের জন্য নির্ধারিত। ফলে অবরোধ দীর্ঘ হলে সবচেয়ে বেশি চাপ পড়বে এই সরবরাহ লাইনে।
তবে কিছু বিশ্লেষক মনে করছেন, চীন এত সহজে এই অবরোধ মেনে নেবে না। কারণ চীনের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ ইরানি তেলের ওপর নির্ভরশীল। তাই বেইজিং বিকল্প পদ্ধতি, তৃতীয় দেশের পতাকাবাহী জাহাজ বা গোপন লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে সরবরাহ চালু রাখার চেষ্টা করতে পারে।
তেল খাতের পাশাপাশি ইরানের পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক, কৃষিপণ্য এবং অন্যান্য অ-তেল রপ্তানিও বড় সংকটে পড়বে। দেশটির শিল্প যন্ত্রপাতি, খাদ্যশস্য, ওষুধের কাঁচামাল এবং জরুরি ভোগ্যপণ্য আমদানিতে বিঘ্ন তৈরি হলে অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা দ্রুত চাপে পড়বে।
ইরানের অ-তেল বাণিজ্যের পরিমাণও কম নয়। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত দেশটির তেল-বহির্ভূত বাণিজ্যের আকার প্রায় ৯৪ বিলিয়ন ডলার। এই খাতে বিঘ্ন ঘটলে দেশে পণ্যের তীব্র ঘাটতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং শিল্প উৎপাদনে স্থবিরতা দেখা দিতে পারে।
নৌ অবরোধ এড়াতে ইরানের সামনে সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে উঠে আসছে চীন-ইরান সরাসরি রেলপথ। ২০১৬ সাল থেকে চালু হওয়া এই স্থল করিডর কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান হয়ে পণ্য পরিবহনের সুযোগ দেয়। সমুদ্রপথে মার্কিন নজরদারি এড়াতে এটি ইরানের জন্য গুরুত্বপূর্ণ ব্যাকআপ রুট হতে পারে।
তবে এই রেলপথের বড় সীমাবদ্ধতাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিল্পপণ্য, খাদ্য ও যন্ত্রপাতি পরিবহনে এটি কার্যকর হলেও বিপুল পরিমাণ তেল বা তরল হাইড্রোকার্বন পরিবহনের জন্য রেলপথ এখনো বাস্তবসম্মত নয়। বড় পরিসরে এই রুটে তেল পরিবহনের কোনো নির্ভরযোগ্য নজিরও নেই।
ফলে স্বল্পমেয়াদে এটি কিছুটা স্বস্তি দিলেও তেল রপ্তানির বিকল্প হিসেবে তাৎক্ষণিক সমাধান দিতে পারবে না।
বিশ্লেষকদের মতে, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—এই বাড়তি অর্থনৈতিক চাপ ইরানকে কি সত্যিই আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে, নাকি পরিস্থিতি আরও বড় সামরিক সংঘাতের দিকে যাবে। বর্তমান সংকট খুব দ্রুতই নতুন যুদ্ধবিরতি অথবা আরও বড় আকারের বোমাবর্ষণ ও সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।