যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পেরিয়েছে একটি তেলবাহী ট্যাংকার। জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ব্লুমবার্গের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিচ স্টারি’ নামের ওই ট্যাংকারটি গত মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করে। জাহাজটি চীনা নাবিকদের মাধ্যমে পরিচালিত এবং ২০২৩ সালেই ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পেরিয়েছে একটি তেলবাহী ট্যাংকার। জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ব্লুমবার্গের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিচ স্টারি’ নামের ওই ট্যাংকারটি গত মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করে। জাহাজটি চীনা নাবিকদের মাধ্যমে পরিচালিত এবং ২০২৩ সালেই ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এর আগের নাম ছিল ‘ফুল স্টার’।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, মাঝারি আকারের এই ট্যাংকারটি সাংহাইভিত্তিক ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন। এটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, অবরোধ কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এটি ছিল জাহাজটির দ্বিতীয় চেষ্টা। প্রথমে ইরানের কেশম দ্বীপের কাছে গিয়ে সেটি ফিরে যায়। পরে কয়েক ঘণ্টা পর আবার যাত্রা শুরু করে এবং নিজের অবস্থানসহ চীনা মালিকানার তথ্য সম্প্রচার করে। বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে মার্কিন অবরোধ প্রয়োগের সক্ষমতার একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধ গত সোমবার থেকে কার্যকর হয়। এর লক্ষ্য ইরানের তেল রপ্তানি ঠেকানো। ফলে বিশ্বজুড়ে জ্বালানি ব্যবসা ও শিপিং খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক প্রতিষ্ঠানই সাময়িকভাবে তাদের চলাচল ও কার্যক্রম স্থগিত করেছে।
এই সময়ের মধ্যে ওমান উপসাগরে ‘এলপিস’ নামের আরেকটি ট্যাংকার প্রবেশ করেছে বলেও জানা গেছে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জাহাজটি এর আগে ইরানের একটি বন্দরে নোঙর করেছিল।
হরমুজ প্রণালিকে ঘিরে অস্থিরতায় মধ্যপ্রাচ্যের তেলনির্ভর এশীয় দেশগুলোতে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপের মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
এদিকে ‘রিচ স্টারি’ জাহাজটি মালাউইয়ের পতাকাবাহী হিসেবে নিবন্ধিত বলে উল্লেখ থাকলেও দেশটি সমুদ্রগামী জাহাজের কোনো নিবন্ধন সংরক্ষণ করে না বলে জানিয়েছে। নথিপত্রে দেখা যাচ্ছে, ট্যাংকারটির মালিকানা সাংহাইভিত্তিক একটি নিষেধাজ্ঞাভুক্ত কোম্পানির সঙ্গে যুক্ত।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস