ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সংবেদনশীল সময়ে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) এক হালনাগাদ তালিকায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তি, ১৭টি প্রতিষ্ঠান এবং ৯টি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। নতুন এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের “সর্বোচ্চ চাপ” নীতির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। ট্রেজারির প্রকাশিত তথ্যে […]
ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সংবেদনশীল সময়ে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) এক হালনাগাদ তালিকায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তি, ১৭টি প্রতিষ্ঠান এবং ৯টি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। নতুন এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের “সর্বোচ্চ চাপ” নীতির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
ট্রেজারির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নিষেধাজ্ঞার লক্ষ্য মূলত ইরানের তেল রপ্তানি নেটওয়ার্ক, সামুদ্রিক পরিবহন চক্র এবং সংশ্লিষ্ট আর্থিক সহায়তাকারীরা। বিশেষ করে সমুদ্রপথে ভাসমান অবস্থায় থাকা তেলবাহী জাহাজ ও ছায়া নৌবহরের (shadow fleet) মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রির অভিযোগে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত আরও চাপে পড়বে বলে মনে করা হচ্ছে।
এর কিছুক্ষণ আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা দেন, সমুদ্রে আটকে থাকা রাশিয়া ও ইরানের তেল বিক্রির জন্য আগে যে সাময়িক ছাড় (waiver) দেওয়া হয়েছিল, সেটি আর নবায়ন করা হবে না। ফলে নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর এসব তেল পরিবহন, বীমা, অর্থায়ন বা ক্রয়ের সঙ্গে যুক্ত বিদেশি প্রতিষ্ঠানও সেকেন্ডারি স্যাংশনের ঝুঁকিতে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে ইরানের তেল বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব পড়বে। বিশেষ করে চীন, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ এশিয়ার কিছু মধ্যস্থতাকারী বাণিজ্য নেটওয়ার্কের ওপর বাড়তি নজরদারি শুরু হতে পারে। ওয়াশিংটনের লক্ষ্য হলো, ইরানের জ্বালানি রপ্তানি থেকে আসা অর্থ যাতে আঞ্চলিক মিত্র গোষ্ঠী ও সামরিক সক্ষমতা জোরদারে ব্যবহার না হয়।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নিষেধাজ্ঞা নতুন করে কূটনৈতিক চাপও বাড়াতে পারে। যদিও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবু ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে—সামরিক উত্তেজনা কমলেও অর্থনৈতিক চাপ কমানো হচ্ছে না। বরং ইরানের তেল, জাহাজ ও শেল কোম্পানি নেটওয়ার্ককে লক্ষ্য করে আরও পদক্ষেপ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।