ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ‘বাবরি মসজিদের মতো’ কোনো বিতর্কিত স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে […]
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ‘বাবরি মসজিদের মতো’ কোনো বিতর্কিত স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে ঘোষণা দিয়েছেন, তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নীরব সমর্থনেই হচ্ছে। তার ভাষ্য, মমতা ব্যানার্জী হুমায়ুন কবিরকে পাশে রেখে এমন পরিকল্পনা এগিয়ে নিতে চাইছেন। তবে বাংলায় বিজেপি সরকার গঠিত হলে সেই পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব হবে না।
অমিত শাহ আরও দাবি করেন, হুমায়ুন কবির মূলত তৃণমূলের ঘনিষ্ঠ ব্যক্তি এবং তার এমন অবস্থানের পেছনে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের সময় শেষের পথে, আর বিজেপি ক্ষমতায় এলে এ ধরনের কোনো পদক্ষেপের সুযোগ থাকবে না।
উল্লেখ্য, বাবরি মসজিদ ইস্যুতে বিতর্কিত বক্তব্যের জেরে হুমায়ুন কবিরকে আগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করে আসন্ন নির্বাচনে তৃণমূল ও বিজেপি—উভয় দলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন।
একই দিনে মালদায় আরেকটি নির্বাচনী সভায় অমিত শাহ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গ তুলে মমতা ব্যানার্জীর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগের বিরোধিতা করছে রাজ্য সরকার।
তিনি বলেন, নির্বাচন কমিশনের এই কার্যক্রমের উদ্দেশ্য হলো অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।
সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় ৬০০ একর জমি কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করা হবে, যাতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায়।
কৃষকদের জন্যও একাধিক প্রতিশ্রুতি দেন অমিত শাহ। মালদার প্রতিটি ব্লকে কোল্ড স্টোরেজ নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে লড়ছে তৃণমূল কংগ্রেস, আর সরকার গঠনের প্রত্যাশায় জোর প্রচারণা চালাচ্ছে বিজেপি। ফলে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে।