সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৭ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ ও উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে এই অবরোধে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্টদের নতুন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। লুক্সেমবার্গে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। কাজা কালাস বলেন, আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য […]

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ ও উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে এই অবরোধে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্টদের নতুন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

লুক্সেমবার্গে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। কাজা কালাস বলেন, আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে যারা বিঘ্ন সৃষ্টি করছে, তাদের জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে ইইউর বর্তমান নৌ-মিশনকে আরও শক্তিশালী করার বিষয়েও সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বর্তমানে এই মিশন লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় কাজ করছে।

কালাসের প্রস্তাব অনুযায়ী, মিশনের সক্ষমতা বাড়ানো গেলে প্রয়োজনে আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তা আরও জোরদার করা যাবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারির যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ চলছে। ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় হুমকি হিসেবে দেখছে।

তবে এই মিশনের পরিধি সরাসরি হরমুজ প্রণালি পর্যন্ত বাড়ানো হবে কি না, তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে এখনো আলোচনা চলছে। বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হওয়ায় ইইউ কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ