ভারতের উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু ঘিরে একটি সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, কিছু মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে, যার মধ্যে ‘পঞ্চগব্য’ সেবন অন্যতম। এ বিষয়ে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে। জানা গেছে, মন্দিরে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের পঞ্চগব্য গ্রহণ করতে বলা হচ্ছে। এই প্রথার মাধ্যমে সনাতন ধর্মের […]
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু ঘিরে একটি সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, কিছু মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে, যার মধ্যে ‘পঞ্চগব্য’ সেবন অন্যতম। এ বিষয়ে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, মন্দিরে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের পঞ্চগব্য গ্রহণ করতে বলা হচ্ছে। এই প্রথার মাধ্যমে সনাতন ধর্মের প্রতি ভক্তি ও আনুগত্য প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হয় বলে দাবি সংশ্লিষ্টদের। বিশেষ করে অ-হিন্দুদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য—এই মিশ্রণ গ্রহণ না করলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
পঞ্চগব্য কী
পঞ্চগব্য হলো গরুর দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্রের সংমিশ্রণ। অনেক ক্ষেত্রে এর সঙ্গে গঙ্গাজলও মেশানো হয়। সনাতন ধর্মে এটি একটি প্রাচীন আচারগত উপাদান হিসেবে বিবেচিত।
যমুনোত্রী মন্দির কমিটির এক মুখপাত্র জানান, ধর্মীয় রীতি অনুযায়ী পঞ্চগব্য ছাড়া অনেক আচার পূর্ণতা পায় না। তাদের দাবি, বহুদিন ধরেই এই প্রথা অনুসরণ করা হচ্ছে এবং এটি ঐতিহ্যের অংশ।
তবে সমালোচকরা বলছেন, এই ধরনের শর্ত ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকারের প্রশ্ন তুলছে। অনেকের মতে, এমন বিধিনিষেধ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করতে পারে।
চারধাম যাত্রাকে কেন্দ্র করে নেওয়া এসব সিদ্ধান্তের ফলে উত্তরাখণ্ডে ধর্মীয় আচার ও নাগরিক অধিকারের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।