সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১১:১৩ পূর্বাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬

মোজতবা খামেনির শারীরিক অবস্থা সংকটাপন্ন, লাগতে পারে প্লাস্টিক সার্জারি

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর আহত হওয়ার পর এখন লোকচক্ষুর আড়ালে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও মোজতবা খামেনি প্রাণে বেঁচে যান। তবে তিনি মারাত্মকভাবে […]

মোজতবা খামেনির শারীরিক অবস্থা সংকটাপন্ন, লাগতে পারে প্লাস্টিক সার্জারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর আহত হওয়ার পর এখন লোকচক্ষুর আড়ালে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও মোজতবা খামেনি প্রাণে বেঁচে যান। তবে তিনি মারাত্মকভাবে দগ্ধ ও আহত হয়েছেন, যার ফলে তার শারীরিক সক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তার একটি পা কৃত্রিমভাবে প্রতিস্থাপন (প্রস্থেটিক) করার প্রয়োজন হতে পারে। এছাড়া মুখমণ্ডল ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতেও তিনি সমস্যায় পড়ছেন। চিকিৎসকদের মতে, তার চেহারা আংশিকভাবে পুনর্গঠনের জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।

বর্তমানে তার নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলি হামলার ঝুঁকি এড়াতে শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে দিয়েছেন। তিনি এখন মূলত লিখিতভাবে নির্দেশনা দিচ্ছেন এবং কোনো মৌখিক বক্তব্য দিচ্ছেন না।

মোজতবা খামেনির শারীরিক অবস্থার কারণে ইরানের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জেনারেলরা এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালন করছেন।

সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ঘনিষ্ঠ সহযোগী আবদোলরেজা দাভারি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনি অনেকটা পরিচালনা পর্ষদের একজন পরিচালকের মতো ভূমিকা পালন করছেন, যেখানে সামরিক নেতৃত্বই মূল সিদ্ধান্ত নিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার একটি পায়ে ইতোমধ্যে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে এবং একটি হাত ধীরে ধীরে কার্যক্ষমতা ফিরে পাচ্ছে। শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে তিনি সচেতন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে ইরানের রাজনৈতিক কাঠামোতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সামরিক বাহিনী শুধু যুদ্ধক্ষেত্র নয়, কূটনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তেও সরাসরি ভূমিকা রাখছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও আইআরজিসির শীর্ষ নেতারা এখন রাষ্ট্র পরিচালনায় প্রভাবশালী অবস্থানে রয়েছেন।

অন্যদিকে নির্বাচিত সরকার ও বেসামরিক প্রশাসন অনেকটাই সীমিত ভূমিকায় নেমে এসেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার সরকার মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিত্যপ্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থাপনায় ব্যস্ত রয়েছেন।

বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনির শারীরিক সুস্থতা এবং সামরিক নেতৃত্বের ভূমিকা—এই দুই বিষয়ই এখন ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ