স্বাধীন দেশগুলোকে কীভাবে চলতে হবে বা কোন নীতি অনুসরণ করতে হবে—এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর আগের মতো নির্দেশ দেওয়ার অবস্থানে নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে তেহরানের নতুন কূটনৈতিক প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনায় রয়েছে, ঠিক সেই সময়েই ইরানের পক্ষ থেকে এমন কড়া বক্তব্য এসেছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে […]
ছবি: সংগৃহীত
স্বাধীন দেশগুলোকে কীভাবে চলতে হবে বা কোন নীতি অনুসরণ করতে হবে—এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর আগের মতো নির্দেশ দেওয়ার অবস্থানে নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে তেহরানের নতুন কূটনৈতিক প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনায় রয়েছে, ঠিক সেই সময়েই ইরানের পক্ষ থেকে এমন কড়া বক্তব্য এসেছে।
যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত সীমিত করে রেখেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই সমুদ্রপথ দিয়ে পরিবহন হওয়ায় প্রণালিটি এখন চলমান উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালায়ি-নিক বলেছেন, “যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।”
তিনি আরও বলেন, ওয়াশিংটনকে তাদের “অবৈধ ও অযৌক্তিক দাবি” থেকে সরে আসতে হবে এবং অন্য রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্তকে সম্মান করতে হবে।
যদিও যুদ্ধবিরতির ফলে সরাসরি সামরিক সংঘর্ষ আপাতত কমেছে, তবুও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার স্থায়ী সমাধান এখনো পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।
এদিকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক আরও বলেন, ইরান তাদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তেহরান আগ্রহী বলেও জানান তিনি।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা নয়, বরং ইরান তার আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদেরও দেখাতে চাইছে যে তারা এখন বহুপাক্ষিক জোট ও বিকল্প কূটনৈতিক কাঠামোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল