পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত একাধিক বুথফেরত জরিপে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বেশ কয়েকটি সমীক্ষা বলছে, এবার ক্ষমতা হারাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত বিভিন্ন এক্সিট পোল অনুযায়ী, বিজেপি রাজ্যে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছে। বিশেষ করে […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত একাধিক বুথফেরত জরিপে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বেশ কয়েকটি সমীক্ষা বলছে, এবার ক্ষমতা হারাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে বিজেপি।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত বিভিন্ন এক্সিট পোল অনুযায়ী, বিজেপি রাজ্যে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছে। বিশেষ করে টুডেজ চাণক্য প্রকাশিত সমীক্ষায় বিজেপিকে ১৯২টি আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। তাদের সম্ভাব্য ভোট হার ধরা হয়েছে প্রায় ৪৮ শতাংশ।
অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস জোটকে সেখানে প্রায় ১০০টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ভোট শেয়ারও কমে প্রায় ৩৮ শতাংশে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক্সিট পোল অনুযায়ী, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রভাব এবারও খুব সীমিত থাকতে পারে। অধিকাংশ সমীক্ষায় বাম ও কংগ্রেস জোটকে কার্যত প্রতিযোগিতার বাইরে দেখানো হয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। সেই হিসাবে বেশ কয়েকটি জরিপেই বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে দেখা যাচ্ছে।
পি ম্যাট্রিজের সমীক্ষায় বলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিজেপি ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে পারে। সেখানে তৃণমূলের আসন সংখ্যা ১২০ থেকে ১৪০-এর মধ্যে থাকতে পারে।
অন্যদিকে পি-মার্কের পূর্বাভাস আরও এগিয়ে গিয়ে বিজেপিকে ১৫০ থেকে ১৭৫টি আসন দিয়েছে। একই সমীক্ষায় তৃণমূলকে ১১৮ থেকে ১৩৮টি আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে।
তবে সব সমীক্ষা একই চিত্র দেখাচ্ছে না। পিপলস পালস নামের একটি জরিপ সংস্থা দাবি করেছে, আসন কিছুটা কমলেও তৃণমূল কংগ্রেস আবারও সরকার গঠন করতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, তৃণমূল ১৭৭ থেকে ১৮৭টি আসন পেতে পারে। সেখানে বিজেপি ৯৫ থেকে ১১০ আসনের মধ্যে থাকতে পারে।
রাজ্যের এবারের নির্বাচনকে মূলত বিজেপি ও তৃণমূলের সরাসরি লড়াই হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এবার সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
তবে পশ্চিমবঙ্গের নির্বাচনে বুথফেরত জরিপ অতীতেও ভুল প্রমাণিত হয়েছে। ২০২১ সালের নির্বাচনে অধিকাংশ সমীক্ষা বিজেপির শক্ত অবস্থানের পূর্বাভাস দিলেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ২১৩টি আসন জিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে। বিজেপি তখন মাত্র ৭৭টি আসনে সীমাবদ্ধ ছিল।
এবার পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতেও ভোট অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ মে চূড়ান্ত ফল প্রকাশের পরই স্পষ্ট হবে বুথফেরত জরিপের পূর্বাভাস কতটা বাস্তবের সঙ্গে মিলে।