সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২০ অপরাহ্ন, ২ মে ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় নিহত ৪১

দুই সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি আবারও লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২ মে) চালানো এসব হামলায় নতুন করে অন্তত ১০ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ২ মার্চ […]

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় নিহত ৪১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দুই সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি আবারও লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২ মে) চালানো এসব হামলায় নতুন করে অন্তত ১০ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ২ মার্চ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে এবং আহত হয়েছেন ৮ হাজার ১৮৩ জন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে জানা যায়, নাবাতিহ জেলার শুকাইন শহরে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হন। এর আগে কাফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দুজন এবং লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হন। এছাড়া শুকাইন গ্রামেই আরেকটি হামলায় দুইজন প্রাণ হারান।

এছাড়া নাবাতিহ শহরের আল-কুদস চত্বরের কাছে বিমান হামলা চালানো হয় এবং তাইরে জেলার সিদ্দিকিন শহরেও যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করা হয়। ১৭ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতি, যা পরবর্তীতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছিল, সেটি ইসরায়েল ধারাবাহিকভাবে লঙ্ঘন করে আসছে।

ইসরায়েলের দাবি, এসব হামলা ইরান-সমর্থিত লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তবে নিহতদের মধ্যে অনেক সাধারণ নাগরিকও রয়েছেন। সংঘাত শুরুর পর থেকে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে, হতাহতের সংখ্যা বাড়লেও হিজবুল্লাহ জানিয়েছে তারা হামলা চালানো অব্যাহত রাখবে। শুক্রবার তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন ফ্রন্টলাইন এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। বিনত জবেলের মুসা আব্বাস কমপ্লেক্স ও হুলা গ্রামের কাছে কামানের গোলা নিক্ষেপ এবং বিয়াদাতে ড্রোন হামলার কথাও জানানো হয়।

গোষ্ঠীটি সাম্প্রতিক সময়ে ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানিয়েছে। এসব হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া তেইবেহ শহরে একটি হামভি এবং রিশাফে একটি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলার কথাও বলা হয়েছে।

এই সংঘাতের সূত্রপাত ঘটে ২ মার্চ, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ শুরু করে। এরপর ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায় এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে, যার ফলে সীমান্তবর্তী বহু শহর ও গ্রাম তাদের নিয়ন্ত্রণে চলে যায়।

ওয়াশিংটনে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতি ১৭ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল এবং পরে তা তিন সপ্তাহ বাড়ানো হয়। তবে বাস্তবে এই যুদ্ধবিরতি কার্যকর নয় বলে মন্তব্য করেছেন বৈরুতভিত্তিক পর্যবেক্ষকরা। তাদের মতে, এটি কেবল একটি কূটনৈতিক কাঠামো, কিন্তু মাঠপর্যায়ে সংঘাত অব্যাহত রয়েছে এবং আরও বিস্তৃত হচ্ছে।

জাতিসংঘে চীনের দূত ফু কং নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, বাস্তবে কোনো কার্যকর যুদ্ধবিরতি নেই; বরং এটি “কম মাত্রার আগুন” মাত্র। তিনি জোর দিয়ে বলেন, লেবাননের ওপর চলমান বোমাবর্ষণ বন্ধ করা ইসরায়েলের দায়িত্ব।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ