ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল, বিষাক্ত তরমুজ খাওয়ার কারণেই এই মৃত্যু হয়েছে। তবে তদন্ত ও ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে আরও জটিল তথ্য। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া (৪৫) তার পরিবার ও আত্মীয়স্বজনকে নিয়ে নৈশভোজের আয়োজন করেন। সেখানে […]
ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল, বিষাক্ত তরমুজ খাওয়ার কারণেই এই মৃত্যু হয়েছে। তবে তদন্ত ও ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে আরও জটিল তথ্য।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া (৪৫) তার পরিবার ও আত্মীয়স্বজনকে নিয়ে নৈশভোজের আয়োজন করেন। সেখানে মাটন পোলাও পরিবেশন করা হয়। অতিথিরা চলে যাওয়ার পর রাত প্রায় ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান।
পরদিন ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যেই মারা যান আবদুল্লাহ দোখাডিয়া, তার স্ত্রী নাসরিন (৩৫) এবং দুই কিশোরী মেয়ে জয়নাব (১৩) ও আয়েশা (১৬)।
ঘটনার পর প্রাথমিকভাবে তরমুজে বিষক্রিয়ার গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষায় তদন্তকারীরা অস্বাভাবিক কিছু লক্ষণ দেখতে পান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং অন্ত্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গের রঙ অস্বাভাবিকভাবে সবুজাভ হয়ে গিয়েছিল, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না।
তদন্তে আরও বড় মোড় আসে আবদুল্লাহ দোখাডিয়ার শরীরে মরফিনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর। মরফিন একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যা সাধারণত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে এটি তার শরীরে কীভাবে এলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে এটি চিকিৎসাজনিত কারণ ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা অপরাধমূলক ঘটনা রয়েছে।
রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তারা উল্লেখ করেছে, ওই রাতে পরিবারের সদস্যরা মাটন পোলাওও খেয়েছিলেন এবং খাবারের পরপরই অসুস্থ হননি।
মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মৃতদের ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পুলিশ চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নয়।
তদন্তকারীরা পরিবারের মানসিক অবস্থা, ব্যবসায়িক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো বিষাক্ত পদার্থ ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখছেন। ইতোমধ্যে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘিরে মুম্বাইজুড়ে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও পুলিশ সবাইকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।