পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৬টি আসনে জয় পেয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে প্রায় ৮০টি আসনে সীমাবদ্ধ রেখে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়েছে দলটি। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার জানান, “প্রেসিডেন্ট (ট্রাম্প) […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৬টি আসনে জয় পেয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে প্রায় ৮০টি আসনে সীমাবদ্ধ রেখে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়েছে দলটি।
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার জানান, “প্রেসিডেন্ট (ট্রাম্প) প্রধানমন্ত্রী মোদিকে এই সাম্প্রতিক, ঐতিহাসিক ও নিষ্পত্তিমূলক নির্বাচনী বিজয়ে অভিনন্দন জানাচ্ছেন।”
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফালতা আসনে ভোট স্থগিত থাকায় কার্যকর সংখ্যাগরিষ্ঠতার সীমা ছিল ১৪৭। সেই হিসেবে বিজেপি সহজেই প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি আসন পেয়েছে।
সোমবার ফলাফল ঘোষণার পর দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস প্রায় ৮০টি আসনে সীমাবদ্ধ থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে আসন পায়। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) এবং অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট একটি করে আসন অর্জন করে।
বিশ্লেষকদের মতে, বিজেপির এই জয়ের পেছনে শক্তিশালী নির্বাচনী কৌশল এবং রাজ্যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জমে থাকা জনঅসন্তোষ বড় ভূমিকা রেখেছে। এবারের নির্বাচনে দলটি ‘বহিরাগত’ তকমা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং অবৈধ অভিবাসন ইস্যুকেও কার্যকরভাবে ব্যবহার করেছে। পাশাপাশি ‘জয় মা কালী’ ও ‘জয় মা দুর্গা’র মতো স্থানীয় আবেগঘন স্লোগান এবং বুথভিত্তিক সংগঠনের ওপর জোর দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে, প্রচারণায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করার প্রবণতা কম ছিল।
৪ মে প্রকাশিত এই ফলাফল এমন এক রাজ্যে এসেছে, যা জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি। এ প্রসঙ্গটি সোমবার দিল্লিতে দলের সদর দপ্তরে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উল্লেখ করেন।
অন্যদিকে, এই পরাজয়কে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো মুখ্যমন্ত্রী তখনই পদে থাকতে পারেন, যখন তিনি বিধানসভার আস্থা বজায় রাখতে সক্ষম হন। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বর্তমান পরিস্থিতিতে তার সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে বিজেপি নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা সুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুর আসনে মমতাকে পরাজিত করেছেন, তাকে এই পদে এগিয়ে রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সামিক ভট্টাচার্য এবং সহ-সভাপতি অগ্নিমিত্রা পলের নামও আলোচনায় রয়েছে।