পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পর কলকাতার নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, ওই মিছিল থেকে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, আর বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ডেরেক ও’ব্রায়েন তার পোস্টে দাবি […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পর কলকাতার নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, ওই মিছিল থেকে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, আর বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ডেরেক ও’ব্রায়েন তার পোস্টে দাবি করেন, পুলিশের অনুমতি নিয়েই এই বিজয় মিছিল বের করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই প্রকাশ্য দিবালোকে বুলডোজার এনে মাংসের দোকানটি ভেঙে ফেলা হয়। তিনি ঘটনাটিকে বিজেপির ‘জয়ের উদ্যাপন’ হিসেবে কটাক্ষ করেন এবং বিষয়টি নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।
তবে পুলিশের পক্ষ থেকে ডেরেকের অভিযোগের একটি অংশ নাকচ করা হয়েছে। লালবাজার সূত্রে জানানো হয়েছে, বিজয় মিছিলের অনুমতি থাকলেও বুলডোজার নিয়ে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। আইন হাতে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
নির্বাচনী প্রচারের সময় থেকেই তৃণমূল অভিযোগ করে আসছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে পারে। মাছ-মাংস খাওয়ার বিষয়েও নানা শঙ্কার কথা তখন তোলা হয়েছিল। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সে সময় বলেছিলেন, মাছ-মাংস ছাড়া বাঙালি থাকা অসম্ভব। কিন্তু ফল ঘোষণার পর নিউ মার্কেটের এই ঘটনা তৃণমূলের জন্য নতুন রাজনৈতিক ইস্যু তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় হাওড়া, বীরভূম ও বেলেঘাটাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় দুই পক্ষের কর্মীদের প্রাণহানির খবরও এসেছে। একাধিক স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, বিজেপির কোনো কর্মী সহিংসতায় জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। একইসঙ্গে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, দলের রং না দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, তৃণমূলের কিছু লোক বিজেপির পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে দলের বদনাম করার চেষ্টা করতে পারে।
কলকাতার এই বুলডোজার কাণ্ড এবং রাজ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে নিউ মার্কেটসহ সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা নতুন সরকারের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।