হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও চলমান সামরিক চাপের মধ্যেও ইরান অন্তত কয়েক মাস পরিস্থিতি ধরে রাখতে পারবে বলে ধারণা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি গোপন বিশ্লেষণ। বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকদের কাছে পাঠানো ওই নথিতে ইরানের স্থিতিশীল থাকার সক্ষমতাকে তিন থেকে চার মাস পর্যন্ত টিকে […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও চলমান সামরিক চাপের মধ্যেও ইরান অন্তত কয়েক মাস পরিস্থিতি ধরে রাখতে পারবে বলে ধারণা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি গোপন বিশ্লেষণ। বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকদের কাছে পাঠানো ওই নথিতে ইরানের স্থিতিশীল থাকার সক্ষমতাকে তিন থেকে চার মাস পর্যন্ত টিকে থাকার মতো বলে মূল্যায়ন করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা, অবরোধ এবং সামরিক চাপের মুখেও তেহরান নিজেদের স্বাভাবিক কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারে। বিশ্লেষণটি প্রকাশ্যে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একেবারে মিলে না। ট্রাম্প কয়েক দিন আগে দাবি করেছিলেন, অবরোধ ও হামলায় ইরান দ্রুত দুর্বল হয়ে পড়ছে এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও অনেকটাই ভেঙে গেছে।
তবে গোয়েন্দা বিশ্লেষণে ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পরও ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে দাবি করা হয়, ইরান তাদের বেশ কয়েকটি ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার আবারও সক্রিয় করেছে এবং নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনও শুরু করেছে।
এর আগে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং আগের তুলনায় তাদের সামরিক শক্তি অনেক কমে এসেছে। একইসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও সম্প্রতি মন্তব্য করেন, নিষেধাজ্ঞা ও অবরোধের চাপে ইরানের তেল অবকাঠামো স্থায়ী ক্ষতির মুখে পড়তে পারে।
অন্যদিকে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক ঊর্ধ্বতন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বক্তব্যে বলা হয়েছে, অবরোধের কারণে ইরান অবশ্যই বড় ধরনের অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যে রয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীও ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে ওই কর্মকর্তা স্বীকার করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়তে থাকে। পরে ১৩ এপ্রিল থেকে ওই এলাকায় ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটেই ইরানের টিকে থাকার সক্ষমতা নিয়ে এই নতুন গোয়েন্দা মূল্যায়ন সামনে এলো।
তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট