স্পেনের উপকূলের কাছে রহস্যজনক বিস্ফোরণে ডুবে যাওয়া একটি রুশ পণ্যবাহী জাহাজ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার সাবমেরিনের জন্য পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ বহন করছিল। প্রতিবেদন অনুযায়ী, ‘উরসা মেজর’ নামের জাহাজটি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর স্পেন উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে একাধিক বিস্ফোরণের পর ডুবে যায়। […]
ছবি: সংগৃহীত
স্পেনের উপকূলের কাছে রহস্যজনক বিস্ফোরণে ডুবে যাওয়া একটি রুশ পণ্যবাহী জাহাজ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার সাবমেরিনের জন্য পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ বহন করছিল।
প্রতিবেদন অনুযায়ী, ‘উরসা মেজর’ নামের জাহাজটি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর স্পেন উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে একাধিক বিস্ফোরণের পর ডুবে যায়। ঘটনাটি শুরু থেকেই রহস্যে ঘেরা ছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় উন্নত পারমাণবিক প্রযুক্তি নিয়ে যাচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। কিম জং উনের ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা দিতে সৈন্য পাঠানোর মাত্র দুই মাস পর জাহাজটি যাত্রা শুরু করেছিল।
জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া ১৪ রুশ নাগরিককে স্পেনের কার্তাহেনা বন্দরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। স্প্যানিশ আইনপ্রণেতাদের বরাতে জানা গেছে, জাহাজের ক্যাপ্টেন প্রথমে মালামালের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে তিনি স্বীকার করেন, ম্যানিফেস্টে উল্লেখ থাকা “ম্যানহোল কভার” আসলে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ ছিল।
জাহাজটির মালিক প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকস ঘটনাটিকে “পরিকল্পিত সন্ত্রাসী হামলা” বলে দাবি করেছে। তাদের ভাষ্যমতে, জাহাজে তিনটি বিস্ফোরণ ঘটেছিল।
তদন্তে জাহাজের গায়ে ৫০ সেন্টিমিটার বাই ৫০ সেন্টিমিটার আকারের একটি ছিদ্র পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ধাতব অংশ ভেতরের দিকে বাঁকানো ছিল এবং ডেকে ছড়িয়ে ছিল শ্র্যাপনেল।
সাবেক নৌ-ক্যাপ্টেন রোজাস সিএনএনকে বলেন, সাধারণত এ ধরনের দুর্ঘটনায় জাহাজের ব্ল্যাকবক্স ভেসে ওঠে। তবে উরসা মেজরের ব্ল্যাকবক্স কোথায় আছে, তা এখনো পরিষ্কার নয়।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, জাহাজের ক্ষতির ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি উচ্চগতির “ব্যারাকুডা সুপারক্যাভিটেটিং টর্পেডো”র আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্র, কিছু ন্যাটো মিত্র, রাশিয়া ও ইরানের কাছে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।