গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাতে বিশেষ জেট এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশটির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। […]
ছবি: সংগৃহীত
গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাতে বিশেষ জেট এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশটির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেয়ের সঙ্গে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে আছেন কারিনার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ।
পোস্টে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ লেখেন, গত রাতে উন্নত চিকিৎসার জন্য তার মেয়ে কারিনাকে জেট এয়ার অ্যাম্বুল্যান্সে দেশের বাইরে নেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) রাত থেকে কারিনা লাইফ সাপোর্টে ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানা যায়, কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, কারিনা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই-তে আক্রান্ত হন। সংক্রমণ বাড়তে থাকায় এবং আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের সমস্যার কারণে এক পর্যায়ে তার লিভার ফেইলিউর দেখা দেয়।
কারিনার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবার বড় ধরনের আর্থিক চাপে পড়েছে বলেও জানিয়েছেন কায়সার হামিদ। হাসপাতালের ব্যয় এবং এয়ার অ্যাম্বুল্যান্সের খরচ মেটাতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬-এ তার কাজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
কারিনার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।