পাকিস্তান নিজেদের তৈরি অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল সেনাসদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই করা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফাতাহ-৪’-এর […]
ছবি: সংগৃহীত
পাকিস্তান নিজেদের তৈরি অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল সেনাসদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই করা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ফাতাহ-৪’-এর লক্ষ্যভেদের নির্ভুলতা এবং প্রতিকূল আবহাওয়ায় কার্যকর থাকার সক্ষমতা আরও উন্নত করা হয়েছে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও সর্বাধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহারের ফলে এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতেও অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
এই সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা ‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্র উন্নয়নে যুক্ত বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, এর আগে মাত্র দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনী ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এছাড়া তারও এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী নিজস্ব তৈরি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা সম্পন্ন করে।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব পরীক্ষার মাধ্যমে পাকিস্তান স্থানীয় প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও শক্তিশালী করার চেষ্টা করছে।