ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কলকাতা হাইকোর্ট চত্বরে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে উদ্দেশ্য করে কটূক্তিও করা হয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়ে শুনানি শেষে বের হওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সদস্য শমীক […]
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কলকাতা হাইকোর্ট চত্বরে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে উদ্দেশ্য করে কটূক্তিও করা হয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়ে শুনানি শেষে বের হওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য দাবি করেছেন, এই বিক্ষোভে বিজেপির কোনো সম্পৃক্ততা নেই।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে ঘিরে দ্রুত সেখান থেকে বের করে নিয়ে যান।
এ সময় মমতা অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। পরে তৃণমূলের সংসদ সদস্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্টেই যদি তাদের নিরাপত্তার এই অবস্থা হয়, তাহলে পুরো রাজ্যের পরিস্থিতি কেমন তা সহজেই বোঝা যায়।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, একজন সাবেক মুখ্যমন্ত্রী ও নারীকে উদ্দেশ্য করে এমন স্লোগান দেওয়া বিজেপির রাজনৈতিক সংস্কৃতি নয়। তিনি দাবি করেন, এই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী।
তার ভাষায়, “কৃতকর্মের ফল তো পিছু ছাড়ে না। তবে আমরা চাই না এমন ঘটনা ঘটুক। আমরা সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ চাই।”
শমীক আরও দাবি করেন, যারা বিক্ষোভ করেছে এবং যাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে—দুই পক্ষই তৃণমূলের লোকজন। এখানে বিজেপির কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন তিনি।
ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তার দলের প্রায় ১৬০টি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। তিনি আরও বলেন, রাজ্যে প্রায় দুই হাজার সহিংস ঘটনার তথ্য তাদের কাছে রয়েছে।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি অভিযোগ করেন, অভিযোগ জানাতে গিয়েও মানুষ সহযোগিতা পাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
তবে আদালতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মামলাকারীদের অভিযোগে বিস্তারিত তথ্যের ঘাটতি রয়েছে। দুই হাজার ঘটনার কথা বলা হলেও সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হয়নি।
এদিকে শমীক ভট্টাচার্য বলেন, রাজনৈতিক সহিংসতায় বিজেপিরও কর্মী নিহত হয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।