বেইজিং সফর শেষে উড়োজাহাজে ওঠার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। চীন ত্যাগের মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা কড়া নির্দেশ দেন, চীন থেকে পাওয়া কোনো জিনিসই প্রেসিডেন্সিয়াল বিমান এয়ার ফোর্স ওয়ানে তোলা যাবে না। এরপর বিমানসিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হোয়াইট হাউসের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছ থেকে চীনা কর্মকর্তাদের দেওয়া প্রেস পাস, পিন […]
ছবি: সংগৃহীত
বেইজিং সফর শেষে উড়োজাহাজে ওঠার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। চীন ত্যাগের মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা কড়া নির্দেশ দেন, চীন থেকে পাওয়া কোনো জিনিসই প্রেসিডেন্সিয়াল বিমান এয়ার ফোর্স ওয়ানে তোলা যাবে না।
এরপর বিমানসিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হোয়াইট হাউসের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছ থেকে চীনা কর্মকর্তাদের দেওয়া প্রেস পাস, পিন এবং সাময়িক ব্যবহারের মোবাইল ফোনসহ সবকিছু সংগ্রহ করা হয়। পরে সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা প্রটোকল বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস প্রতিনিধি এমিলি গুডিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, চীনা কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের দেওয়া সবকিছুই—সাধারণ পরিচয়পত্র, কর্মীদের ব্যবহারের ফোন কিংবা বিশেষ পিন—বিমানে ওঠার আগে নিয়ে ডাস্টবিনে ফেলে দেন।
হোয়াইট হাউস প্রেস পুলও ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানায়, বেইজিংয়ে পাওয়া যেকোনো উপহার বা সামগ্রী ব্যবহার করে মার্কিন কর্মকর্তাদের ওপর নজরদারি বা ডিজিটাল গুপ্তচরবৃত্তি করা হতে পারে—এমন সন্দেহ থেকেই এই কঠোর পদক্ষেপ।
প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে ক্যামেরার সামনে আন্তরিক দেখালেও ভেতরে দুই দেশের নিরাপত্তা দলের মধ্যে টানাপোড়েন ছিল প্রবল। বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হ্যাভেনে বৈঠকের সময় মার্কিন সাংবাদিকদের সঙ্গে থাকা সশস্ত্র সিক্রেট সার্ভিস সদস্যকে চীনা নিরাপত্তাকর্মীরা ভেতরে ঢুকতে বাধা দেন। অস্ত্র বহনের কারণেই তাকে আটকে দেওয়া হয় বলে জানা যায়, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়।
সফর শেষে বিমানবন্দরের দিকে রওনা হওয়ার সময়ও চাপা উত্তেজনা চলতে থাকে। চীনা কর্মকর্তারা প্রথমে মার্কিন সাংবাদিকদের প্রেসিডেন্টের মূল গাড়িবহরে যোগ দিতে বাধা দেন। পরে মার্কিন সহকারীরা বাধা পেরিয়ে সাংবাদিকদের ভেতরে নিয়ে যান বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, চীনা সামগ্রী ডাস্টবিনে ফেলে দেওয়ার এই ঘটনা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস ও নিরাপত্তা-সংশ্লিষ্ট টানাপোড়েনেরই আরেকটি প্রকাশ। তারা আরও মনে করিয়ে দিয়েছেন, এর আগেও মার্কিন প্রেসিডেন্টদের চীন সফরে নিরাপত্তা ও প্রটোকল নিয়ে দুই দেশের মধ্যে এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল।