সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:১৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৬

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বাতিল নেপাল প্রধানমন্ত্রীর, দেখাতে চান শক্তিমত্তা!

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সম্প্রতি একাধিক বিদেশি কূটনীতিকের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রীর সফর বাতিল এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ না করায় বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এমন অবস্থান নিতে পারে কাঠমান্ডু। কয়েকদিন […]

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বাতিল নেপাল প্রধানমন্ত্রীর, দেখাতে চান শক্তিমত্তা!

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সম্প্রতি একাধিক বিদেশি কূটনীতিকের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রীর সফর বাতিল এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ না করায় বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এমন অবস্থান নিতে পারে কাঠমান্ডু।

কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রীর নেপাল সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল। দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত ইস্যু এবং কৈলাস-মানস সরোবর যাত্রা নিয়ে আলোচনার কথা ছিল সফরে। তবে শেষ মুহূর্তে নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর সেই বৈঠক স্থগিত করে দেয়।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বালেন্দ্র শাহ মনে করেন গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় সমমর্যাদার নেতাদের অংশগ্রহণ থাকা উচিত। সেই কারণেই তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। এমনকি নয়াদিল্লি সফরের আমন্ত্রণও তিনি গ্রহণ করেননি বলে জানা গেছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু প্রোটোকল সংক্রান্ত নয়; এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে ভারত ও নেপালের মধ্যে উত্তেজনা বহুদিন ধরেই চলমান। নেপাল কয়েক বছর আগে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে ওই অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখায়, যা ভারত প্রত্যাখ্যান করে।

বিশেষ করে লিপুলেখ করিডোরকে ঘিরে বিরোধ নতুন মাত্রা পেয়েছে। এই পথটি ভারত ও চীনের সীমান্ত বাণিজ্য এবং কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ভারত দাবি করে আসছে, দীর্ঘ সময় ধরেই তারা এই রুট ব্যবহার করছে। অন্যদিকে নেপাল বলছে, এলাকাটি তাদের সার্বভৌম ভূখণ্ডের অংশ।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভারতের ওপর কূটনৈতিক চাপ তৈরি করতেই এই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতেও শক্ত অবস্থানের বার্তা দিতে চাইছেন নেপালের প্রধানমন্ত্রী।

শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের প্রতিও একই ধরনের অবস্থান নিয়েছে কাঠমান্ডু। সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নেপাল সফরে গেলেও তার সঙ্গে সাক্ষাৎ করেননি বালেন্দ্র শাহ। নেপালের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনিক সংস্কার কার্যক্রমে ব্যস্ত থাকায় আপাতত রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেই বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এদিকে নেপালের সাম্প্রতিক অবস্থানের পেছনে চীনের প্রভাব রয়েছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে নেপালের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে কাঠমান্ডু বেইজিংয়ের দিকে ঝুঁকছে কি না, সেই প্রশ্নও উঠছে।

তবে ভারত জানিয়েছে, সীমান্তসহ সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করতে চায় তারা। একই সঙ্গে প্রতিবেশী সহযোগিতার অংশ হিসেবে নেপালকে স্বল্পমূল্যে বিপুল পরিমাণ রাসায়নিক সার দেওয়ার ঘোষণাও দিয়েছে নয়াদিল্লি।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে ছোট রাষ্ট্র হিসেবে ভারসাম্য রক্ষা নেপালের জন্য বড় চ্যালেঞ্জ। আর সেই বাস্তবতার মধ্যেই নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছেন দেশটির তরুণ প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ