সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০৫ অপরাহ্ন, ২০ মে ২০২৬

ভাঙনের মুখে ইসরায়েলের পার্লামেন্ট, ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু?

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির পার্লামেন্ট নেসেট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের পথ খুলে দিতে একটি বিল উত্থাপন করা হয়েছে। বুধবার (২০ মে) বিলটি নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। এটি পাস হলে নির্ধারিত সময়ের আগেই আবারও জাতীয় নির্বাচনের দিকে যাবে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক জনমত জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন […]

ভাঙনের মুখে ইসরায়েলের পার্লামেন্ট, ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির পার্লামেন্ট নেসেট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের পথ খুলে দিতে একটি বিল উত্থাপন করা হয়েছে। বুধবার (২০ মে) বিলটি নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। এটি পাস হলে নির্ধারিত সময়ের আগেই আবারও জাতীয় নির্বাচনের দিকে যাবে ইসরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক জনমত জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এবার তার ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন হতে পারে।

কেন সংকটে নেতানিয়াহু সরকার?

দীর্ঘদিনের মিত্র আল্ট্রা-অর্থোডক্স ইহুদি রাজনৈতিক দলগুলোর একটি সম্প্রতি নেতানিয়াহুর জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। তাদের অভিযোগ, বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে তাদের সম্প্রদায়ের সদস্যদের ছাড় দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়ন হয়নি।

অন্যদিকে বিরোধী দলগুলোও বেশ কিছুদিন ধরেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত জুনে একবার সরকার পতনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। তবে এবার পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে উঠেছে, কারণ পার্লামেন্ট ভাঙার প্রস্তাবটি এসেছে নেতানিয়াহুর জোটের ভেতর থেকেই।

নির্বাচন কবে হতে পারে?

এখনও আনুষ্ঠানিকভাবে ভোটের তারিখ ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আগামী সেপ্টেম্বরের শুরু কিংবা অক্টোবরের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ইসরায়েলে চার বছর পরপর নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও দেশটিতে আগাম নির্বাচনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এখন কী প্রক্রিয়া অনুসরণ করা হবে?

প্রথমে বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো হবে। এরপর নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হবে। তারপর বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য পার্লামেন্টে তিন দফা ভোটের মুখোমুখি হবে। ১২০ সদস্যের নেসেটে বিল পাস করাতে কমপক্ষে ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

জনমত জরিপে কী দেখা যাচ্ছে?

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহুর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। সাম্প্রতিক অধিকাংশ জরিপ বলছে, তার নেতৃত্বাধীন জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো অবস্থানে নেই।

তবে বিরোধী দলগুলো যদি সরকার গঠনের জন্য ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই দায়িত্বে থাকতে পারেন।

কারা হচ্ছেন প্রধান প্রতিদ্বন্দ্বী?

বর্তমানে নেতানিয়াহুর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে। তিনি বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের সঙ্গে মিলে ‘টুগেদার’ নামে নতুন রাজনৈতিক জোট গঠন করেছেন। বিভিন্ন জরিপে এই জোটকে নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রায় সমকক্ষ অবস্থানে দেখা যাচ্ছে।

এ ছাড়া সাবেক সেনাপ্রধান গাদি ইজিনকটও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছেন। ফলে আগামী নির্বাচন ইসরায়েলের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ