যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি, সিরিয়ার পরিস্থিতি এবং ন্যাটো জোটের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এরদোয়ান ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তিনি মনে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি, সিরিয়ার পরিস্থিতি এবং ন্যাটো জোটের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এরদোয়ান ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তিনি মনে করেন, আঞ্চলিক সংকট ও বিরোধ সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।
ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে তুরস্ক ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা পালন করবে। একই সঙ্গে সিরিয়ায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠা পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এরদোয়ান আরও জানান, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি লেবাননের পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে না দেয়ার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আলোচনায় আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব পায়। এরদোয়ান জানান, সম্মেলন সফল করতে তুরস্ক পূর্ণ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
ফোনালাপ শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তুর্কি প্রেসিডেন্ট একজন দৃঢ়চেতা নেতা এবং তার সঙ্গে নিজের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।
ট্রাম্প আরও বলেন, এরদোয়ান অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের জন্য কার্যকর মিত্র হিসেবে কাজ করছেন।