ভারতের হায়দরাবাদের একটি আদালত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ২০২৪ সালে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আগামী সোমবার তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে। তদন্তকারীদের দাবি, […]
ছবি: সংগৃহীত
ভারতের হায়দরাবাদের একটি আদালত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ২০২৪ সালে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আগামী সোমবার তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে। তদন্তকারীদের দাবি, আল্লু অর্জুনের প্রিমিয়ারে উপস্থিত থাকার বিষয়টি আগে থেকেই জানা থাকলেও দর্শক নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ।
চার্জশিটে আল্লু অর্জুন, তার ব্যক্তিগত ব্যবস্থাপক, কয়েকজন স্টাফ সদস্য, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিট গ্রহণের পর আদালত সংশ্লিষ্ট সবাইকে তলব করেছে। আগামী সপ্তাহ থেকে মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। পরে তেলেঙ্গানা হাইকোর্ট তাকে জামিন দেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এক রাত পুলিশ হেফাজতে থাকতে হয়েছিল।
উল্লেখ্য, ‘পুষ্পা ২: দ্য রুল’ ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এর আগের দিন ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। জনপ্রিয় এই অভিনেতাকে দেখতে বিপুলসংখ্যক ভক্ত সেখানে জড়ো হন।
একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হলে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে মারা যান। এ ঘটনায় তার ৯ বছর বয়সী ছেলে তেজ গুরুতর আহত হয় এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।