ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনায় শামিল হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও। তবে অন্যদের মতো শুধুমাত্র সমর্থনের বার্তা নয়, নিজের শিল্পীসত্তার মাধ্যমে প্রিয় ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির একটি স্কেচ শেয়ার করেন চঞ্চল। […]
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনায় শামিল হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও। তবে অন্যদের মতো শুধুমাত্র সমর্থনের বার্তা নয়, নিজের শিল্পীসত্তার মাধ্যমে প্রিয় ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির একটি স্কেচ শেয়ার করেন চঞ্চল। নিখুঁত রেখাচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মেসির পরিচিত মুখাবয়ব, চুল, দাড়ি, চোখ এবং স্বাভাবিক হাসি।
স্কেচটির সঙ্গে দেওয়া ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “আমি মেসির একটা ছবি আঁকব—এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্ত-অনুরাগীরা চঞ্চলের শিল্পীসত্তার প্রশংসা করেন এবং মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানান। কেউ লিখেছেন, “আপনি যেমন অভিনয়ে অনন্য, তেমনি চিত্রাঙ্কনেও অসাধারণ।” আবার কেউ মন্তব্য করেছেন, “মেসি ফুটবলের জাদুকর, আর আপনি অভিনয়ের।”
অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও দীর্ঘদিন ধরে নিজের দক্ষতার পরিচয় দিয়ে আসছেন চঞ্চল চৌধুরী। অবসরে নিয়মিত ছবি আঁকেন তিনি এবং সেইসব শিল্পকর্ম সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
এর আগে তার আঁকা প্রতিকৃতিতে স্থান পেয়েছেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, অভিনেতা তারিক আনাম খান, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, পরিচালক রায়হান রাফী, অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ আরও অনেক পরিচিত ব্যক্তিত্ব।
বিশ্বকাপের আবহে মেসির এই প্রতিকৃতি ফুটবলপ্রেমী এবং চঞ্চলভক্ত—উভয় মহলেই প্রশংসা কুড়িয়েছে।