ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানের রাজপথ যেন রূপ নেয় এক বিশাল শোকসমুদ্রে। লাখো মানুষের কণ্ঠে ছিল শোক, ক্ষোভ আর প্রতিশোধের অঙ্গীকার। সর্বত্র ধ্বনিত হয়েছে একটাই শপথ—“খামেনির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।” গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ থেকে শুরু করে তেহরানের প্রধান প্রধান সড়কজুড়ে মানুষের ঢল নামে। হাতে খামেনির ছবি, […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানের রাজপথ যেন রূপ নেয় এক বিশাল শোকসমুদ্রে। লাখো মানুষের কণ্ঠে ছিল শোক, ক্ষোভ আর প্রতিশোধের অঙ্গীকার। সর্বত্র ধ্বনিত হয়েছে একটাই শপথ—“খামেনির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”
গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ থেকে শুরু করে তেহরানের প্রধান প্রধান সড়কজুড়ে মানুষের ঢল নামে। হাতে খামেনির ছবি, কালো পতাকা এবং শোকের প্রতীক ব্যানার নিয়ে সাধারণ মানুষ শেষবারের মতো তাদের নেতাকে বিদায় জানাতে জড়ো হন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বহু অংশগ্রহণকারী।
জানাজায় অংশ নেওয়া সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ খামেনির মৃত্যুকে শুধু একজন রাষ্ট্রনেতার মৃত্যু হিসেবে দেখছেন না। তাদের অনেকের কাছে এটি ছিল একজন অভিভাবক, পথপ্রদর্শক এবং জাতির প্রতীককে হারানোর বেদনা।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে উপস্থিত ৪০ বছর বয়সী আরশ রাহিমি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, “আমরা অবশ্যই আমাদের নেতার রক্তের প্রতিশোধ নেব। আজ যারা এখানে এসেছে, তাদের প্রত্যেকেই এই হত্যাকাণ্ডের বিচার চায়। আমাদের নেতা সবসময় বলতেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বন্দ্ব আদর্শের। তাই এই রক্তের হিসাব একদিন না একদিন নিতেই হবে।”
হামাদান প্রদেশ থেকে তেহরানে আসা হামিদ তেইমোরি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি জীবনে অনেক শোক দেখেছি। কিন্তু নিজের বাবার মৃত্যুতে যতটা কাঁদিনি, তার চেয়েও বেশি কেঁদেছি আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের সংবাদ শুনে। মনে হচ্ছে পরিবারের একজন সদস্যকে হারিয়েছি।”
বিশ্লেষকদের মতে, সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের নেতৃত্ব দেওয়া খামেনির এই শেষ বিদায়কে তেহরান শুধু একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হিসেবে দেখছে না; বরং এটি জাতীয় ঐক্য, রাজনৈতিক সংহতি এবং প্রতিরোধের বার্তা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
পর্যবেক্ষকদের ধারণা, ইরান সরকার জনগণের এই আবেগ ও ক্ষোভকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।
অনেকের মতে, খামেনির এই আকস্মিক মৃত্যু শুধু ইরানের জন্য নয়, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণকেই নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে।
তেহরানের রাজপথে লাখো মানুষের উপস্থিতি যেন একটি বার্তাই দিচ্ছে—নেতা হারানোর শোকের পাশাপাশি প্রতিশোধের দাবিও ইরানের জনমনে গভীরভাবে জায়গা করে নিয়েছে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিভিন্ন সংস্থার প্রতিবেদন।