ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে বিশাল শোক র্যালির আয়োজন করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে জানানো হয়েছে, কোমের গভর্নর জেনারেল আকবর বেহনামজু বলেছেন, মঙ্গলবার সকাল ৬টায় পবিত্র জামকারান মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে রেকর্ডসংখ্যক […]
ছবি: সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে বিশাল শোক র্যালির আয়োজন করেছে ইরানি কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে জানানো হয়েছে, কোমের গভর্নর জেনারেল আকবর বেহনামজু বলেছেন, মঙ্গলবার সকাল ৬টায় পবিত্র জামকারান মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
তিনি জানান, জানাজাকে কেন্দ্র করে কোমে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নামাজ শেষে পায়াম্বার-এ আজম বুলেভার্ড থেকে শোক র্যালি শুরু হয়ে হযরত মাসুমেহ (আ.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হবে।
এর আগে সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রার আগে দুই দিন ধরে ওই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়েছিল।
আয়োজকদের মতে, তেহরানের শোকযাত্রা সম্পন্ন করতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রা দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের পাশের শহীদ লাশগরি হাইওয়ে অতিক্রম করে।
রোববার অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী। ওই জানাজায় খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জন্যও দোয়া করা হয়।
প্রেস টিভির খবরে বলা হয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিদলও তেহরানে উপস্থিত হয়েছে।
সূচি অনুযায়ী, কোমে জানাজা শেষে বুধবার মরদেহ ইরাকের নজফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। এরপর খামেনির ইচ্ছানুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
সূত্র: আইআরএনএ