সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
২:৪৩ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, দুই রাতে ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত

ইরানের ওপর সামরিক অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক বিমান হামলা চালিয়ে গত ৪৮ ঘণ্টায় দেশটির ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। চলমান উত্তেজনার মধ্যে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মার্কিন অভিযান হিসেবে দেখা হচ্ছে। বুধবার (৮ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক […]

ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, দুই রাতে ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের ওপর সামরিক অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক বিমান হামলা চালিয়ে গত ৪৮ ঘণ্টায় দেশটির ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। চলমান উত্তেজনার মধ্যে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মার্কিন অভিযান হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার রাতেও ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত থাকে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগপ্রধান হোসেন কেরমানপোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ৭ ও ৮ জুলাই পাঁচটি প্রদেশে চালানো হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেই এসব হামলা চালানো হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তেহরানের সঙ্গে সংযুক্ত দুটি গুরুত্বপূর্ণ রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তেহরানগামী একটি গুরুত্বপূর্ণ রেল করিডরের কিছু অংশেও ক্ষয়ক্ষতি হয়েছে। বুশেহরের পারমাণবিক স্থাপনার আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে গত ১৭ জুন যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল। তবে সর্বশেষ হামলা-পাল্টা হামলার ঘটনায় সেই সমঝোতার ভবিষ্যৎ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার অভিযোগ তুলে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী।

হামলার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেবে। যদিও এর আগে তিনি বলেছিলেন, এই সামরিক অভিযান দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে না এবং দ্রুত শেষ হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলার সতর্কতা জারি করা হলে দেশটিতে একাধিকবার সাইরেন বেজে ওঠে। একই সময়ে কুয়েত ও কাতারের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমার দিকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ