চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবীর করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মফিজুল ইসলাম আদালতকে বলেন, ১৯৯৬ সালে […]
ছবি: সংগৃহীত
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবীর করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মফিজুল ইসলাম আদালতকে বলেন, ১৯৯৬ সালে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে বিভিন্ন সংস্থা মামলাটির তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। এসব প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে জানানো হয়। তবে বাদীপক্ষ ওই তদন্ত প্রতিবেদনগুলোর বিরুদ্ধে বারবার পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন করে।
এ সময় আসামিপক্ষের আইনজীবী আদালতে সালমান শাহর ময়নাতদন্ত ও চিকিৎসকের প্রতিবেদনও তুলে ধরেন। তিনি বলেন, মামলাটি পাঁচবার তদন্ত করা হয়েছে। কিন্তু অভিযোগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে তিনি ডনের জামিনের আবেদন করেন।
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতকে বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। আসামিপক্ষের বক্তব্য অসত্য। মামলার তদন্তের স্বার্থে আসামির জামিন নামঞ্জুর করা প্রয়োজন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। সেদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। পরে গত ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল, সেই প্রশ্নের মীমাংসা গত তিন দশকেও হয়নি।
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর ২০২৫ সালে আদালত এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। এরপর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
আগামী ৫ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে।