প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে একটি পরীক্ষামূলক ওষুধ। কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন খাওয়ার ওষুধ ‘দারাক্সোনরাসিব’ প্রয়োগে উন্নত পর্যায়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ের এক গবেষণায় দেখা গেছে, চিকিৎসা নেওয়া ৬১ জনের মধ্যে প্রায় ৯০ শতাংশের ক্যানসারের বৃদ্ধি নিয়ন্ত্রণে এসেছে। আর ৮ শতাংশের বেশি রোগীর ক্ষেত্রে স্ক্যানে টিউমার শনাক্ত […]
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে একটি পরীক্ষামূলক ওষুধ। কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন খাওয়ার ওষুধ ‘দারাক্সোনরাসিব’ প্রয়োগে উন্নত পর্যায়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ের এক গবেষণায় দেখা গেছে, চিকিৎসা নেওয়া ৬১ জনের মধ্যে প্রায় ৯০ শতাংশের ক্যানসারের বৃদ্ধি নিয়ন্ত্রণে এসেছে। আর ৮ শতাংশের বেশি রোগীর ক্ষেত্রে স্ক্যানে টিউমার শনাক্ত করা যায়নি।
২০ নভেম্বর স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ৩৮তম ইওআরটিসি-এনসিআই-এএসিআর ক্যানসার গবেষণা সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণাটি পরিচালিত হয়েছে মেটাস্ট্যাটিক অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের ওপর, অর্থাৎ যাঁদের ক্যানসার শরীরের অন্য অঙ্গেও ছড়িয়ে পড়েছে।
গবেষণায় অংশ নেওয়া ৬১ জন রোগীর সবাই আগে মেটাস্ট্যাটিক ক্যানসারের চিকিৎসা নেননি। ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের চিকিৎসার ফলাফল বিশ্লেষণ করা হয়। গড়ে ১৮ দশমিক ৩ মাস পর্যবেক্ষণে দেখা গেছে, ৬০ দশমিক ৭ শতাংশ রোগীর টিউমার ছোট হয়েছে অথবা স্ক্যানে আর শনাক্ত হয়নি। তাঁদের মধ্যে ৮ দশমিক ২ শতাংশের ক্ষেত্রে টিউমার সম্পূর্ণভাবে স্ক্যানে অদৃশ্য হয়ে যায়। এ ছাড়া ৯০ দশমিক ২ শতাংশ রোগীর ক্ষেত্রে ক্যানসার নিয়ন্ত্রণে ছিল।
গবেষণার সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক ড. উংকি পার্ক বলেন, চিকিৎসায় শুধু টিউমার কমার হারই নয়, রোগ নিয়ন্ত্রণে রাখার সময়কালেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। প্রচলিত কেমোথেরাপির তুলনায় এ সমন্বিত চিকিৎসা রোগীদের দীর্ঘ সময় ভালো রাখতে পারে বলে গবেষকেরা আশা করছেন।
কীভাবে কাজ করে নতুন ওষুধটি
দারাক্সোনরাসিব একটি লক্ষ্যভিত্তিক ক্যানসারবিরোধী ওষুধ। এটি ক্যানসার কোষের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সক্রিয় আরএএস (RAS) প্রোটিনের সংকেত বন্ধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারের ৯০ শতাংশের বেশি ক্ষেত্রে আরএএস জিনের মিউটেশন পাওয়া যায়। এসব মিউটেশনের কারণে কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং ক্যানসার ছড়িয়ে পড়তে পারে।
গবেষণায় রোগীদের প্রতিদিন মুখে খাওয়ার ২০০ মিলিগ্রাম দারাক্সোনরাসিবের পাশাপাশি জেমসিটাবিন ও ন্যাব-প্যাকলিট্যাক্সেল নামের দুটি প্রচলিত কেমোথেরাপির ওষুধ দেওয়া হয়। কেমোথেরাপি শিরার মাধ্যমে প্রয়োগ করা হয়েছে।
ফলাফলে দেখা গেছে, রোগীদের ক্ষেত্রে ক্যানসার আবার বাড়তে শুরু করা বা রোগের অগ্রগতি ঘটার আগে মধ্যম সময় ছিল ১২ দশমিক ৮ মাস। চিকিৎসা শুরুর এক বছর পর রোগীদের ৭৬ দশমিক ৬ শতাংশ জীবিত ছিলেন। তবে গবেষণাটি প্রাথমিক পর্যায়ের হওয়ায় এসব ফলাফলকে চূড়ান্ত সাফল্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
নিরাময় নয়, আরও গবেষণা প্রয়োজন
গবেষকেরা বলছেন, স্ক্যানে টিউমার শনাক্ত না হওয়া মানেই শরীর থেকে সব ক্যানসার কোষ নির্মূল হয়ে গেছে, এমন নয়। অণুবীক্ষণিক পর্যায়ে ক্যানসার কোষ থেকে যেতে পারে এবং ভবিষ্যতে রোগটি আবার ফিরে আসতে পারে। তাই এই চিকিৎসাকে এখনই ক্যানসারের নিরাময় বলা যাবে না।
গবেষণাটি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ। এতে কেমোথেরাপির সঙ্গে নতুন ওষুধের সমন্বয় পরীক্ষা করা হয়েছে, তবে কেবল প্রচলিত কেমোথেরাপি নেওয়া রোগীদের নিয়ে কোনো তুলনামূলক নিয়ন্ত্রণ দল ছিল না। ফলে নতুন চিকিৎসা প্রচলিত চিকিৎসার চেয়ে কতটা বেশি কার্যকর, তা নিশ্চিত করতে বড় পরিসরের নিয়ন্ত্রিত গবেষণা প্রয়োজন।
চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ত্বকে ফুসকুড়ি, ডায়রিয়া, ক্লান্তি এবং রক্তকণিকার সংখ্যা কমে যাওয়ার মতো সমস্যা দেখা গেছে। তবে গবেষকদের মতে, প্রচলিত চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে এসব পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
ক্যানসার রিসার্চ ইউকের ড. স্যাম গডফ্রে ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এত দিন যেসব ক্যানসার-সৃষ্টিকারী প্রোটিনকে ওষুধের মাধ্যমে লক্ষ্যবস্তু করা কঠিন বলে মনে করা হতো, নতুন গবেষণা সেগুলোকে নিয়ন্ত্রণের সম্ভাবনা তৈরি করেছে।
অগ্ন্যাশয়ের ক্যানসার সাধারণত দেরিতে শনাক্ত হয় এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়লে চিকিৎসা আরও কঠিন হয়ে যায়। যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের এ রোগ শনাক্ত হয় এবং প্রায় ১০ হাজার ২০০ রোগীর মৃত্যু ঘটে। এ অবস্থায় নতুন ওষুধের গবেষণার ফলাফল রোগীদের চিকিৎসায় ভবিষ্যতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: বিবিসি, ক্যানসার রিসার্চ ইউকে এবং ইওআরটিসি-এনসিআই-এএসিআর সম্মেলনে উপস্থাপিত গবেষণার ফলাফল।