ঢাকায় বড় আয়োজনে কনসার্ট স্থগিত বা বাতিলের ধারাবাহিকতার মধ্যেই আগামী ১৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠেয় ‘মেইন স্টেইজ শো–২০২৫’ নিয়ে তরুণদের মধ্যে তৈরি হয়েছিল নতুন প্রত্যাশা। উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের উপস্থিতি ঘিরে উত্তাপ ছড়ায় সামাজিকমাধ্যমেও। তাঁর পাশাপাশি মঞ্চে থাকতেন ফুয়াদ, নেমেসিসসহ কয়েকজন দেশীয় শিল্পী। মূলত ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ শীর্ষক চ্যারিটি কনসার্ট […]
ঢাকায় বড় আয়োজনে কনসার্ট স্থগিত বা বাতিলের ধারাবাহিকতার মধ্যেই আগামী ১৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠেয় ‘মেইন স্টেইজ শো–২০২৫’ নিয়ে তরুণদের মধ্যে তৈরি হয়েছিল নতুন প্রত্যাশা। উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের উপস্থিতি ঘিরে উত্তাপ ছড়ায় সামাজিকমাধ্যমেও। তাঁর পাশাপাশি মঞ্চে থাকতেন ফুয়াদ, নেমেসিসসহ কয়েকজন দেশীয় শিল্পী।
মূলত ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ শীর্ষক চ্যারিটি কনসার্ট এককভাবে আয়োজন সম্ভব না হওয়ায় স্পিরিটস অব জুলাই এবং মেইন স্টেইজ যৌথভাবে নতুন এই শো আয়োজন করছিল। কনসার্টের লভ্যাংশের ৪০ শতাংশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়ার পরিকল্পনা ছিল, যা ব্যবহার হতো জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে।
তবে আয়োজনের দুই দিন আগে থেকেই অনিশ্চয়তার খবর পাওয়া যাচ্ছিল। আয়োজক সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অফিস সময় শেষ হওয়ার আগ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যায়নি। শুক্রবার সরকারি ছুটি এবং শনিবারই মূল অনুষ্ঠান—ফলে নিরাপত্তা ছাড়পত্র, স্থানীয় অনুমোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লজিস্টিক নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে আয়োজকরা কার্যত অচলাবস্থায় পড়েন।
শেষ পর্যন্ত কনসার্ট বাতিলের ঘোষণা দেন আতিফ আসলাম নিজেই। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, “প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে আমরা পারফর্ম করতে পারছি না। আয়োজক ও ব্যবস্থাপনা স্থানীয় অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং প্রয়োজনীয় লজিস্টিক–সংক্রান্ত বিষয়গুলো সমাধান করতে পারেনি—এ কারণেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞ।”
এ ঘোষণার পর নিশ্চিত হয়ে যায়—এ বছরের অন্যতম আলোচিত মিউজিক্যাল ইভেন্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না।
আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না পাওয়া গেলেও, কনসার্টটি শিগগির নতুন তারিখে আয়োজনের সম্ভাবনাও আপাতত অনিশ্চিত।