সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১:০৪ অপরাহ্ন, ৭ জুলাই ২০২৬

ইরাকের কারবালায় খামেনির জানাজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরাকের নাজাফ ও কারবালায় ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি দাবি করেছেন, এই শেষযাত্রা ইরান ও ইরাকের জনগণের ঐক্য আরও সুদৃঢ় করবে। মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় ইসমাইল কানি […]

ইরাকের কারবালায় খামেনির জানাজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরাকের নাজাফ ও কারবালায় ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি দাবি করেছেন, এই শেষযাত্রা ইরান ও ইরাকের জনগণের ঐক্য আরও সুদৃঢ় করবে।

মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় ইসমাইল কানি বলেন, নাজাফ ও কারবালায় অনুষ্ঠিতব্য জানাজা শুধু দুই দেশের জনগণের পারস্পরিক সংহতিই বাড়াবে না, বরং যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিরোধের অবস্থানকেও আরও শক্তিশালী করবে। তার ভাষ্য, এই কর্মসূচি শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের হত্যার বিচার দাবিকেও নতুন গতি দেবে।

তিনি ইরাকি সরকার ও জনগণের প্রস্তুতির প্রশংসা করে বলেন, এই আয়োজন দুই দেশের গভীর ধর্মীয় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আয়াতুল্লাহ খামেনির সমর্থন এবং ইরাকের ধর্মীয় নেতৃত্বের ভূমিকা দেশটিতে আইএসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

২০২০ সালে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসের প্রসঙ্গ টেনে কানি বলেন, তারা দুই দেশের জন্যই আত্মত্যাগের প্রতীক। তার দাবি, খামেনির জানাজাও একইভাবে প্রতিরোধ আন্দোলনের ঐক্যকে আরও শক্তিশালী করবে।

এদিকে কারবালার গভর্নর ও প্রদেশের উচ্চ নিরাপত্তা কমিটির প্রধান নাসিফ জাসিম আল-খাত্তাবি জানিয়েছেন, জানাজা উপলক্ষে নিরাপত্তা, পরিবহন ও জনসেবা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ইরাকের সরকার, ফেডারেল সামরিক বাহিনী, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে একাধিক বৈঠকের মাধ্যমে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

গভর্নরের ভাষ্য অনুযায়ী, বুধবার থেকে শোকাহত মানুষ ও বিভিন্ন দেশের প্রতিনিধি দল কারবালায় আসতে শুরু করবে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার কারবালা প্রদেশে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

বিশেষ মিডিয়া কমিটির মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান জানান, নাজাফে শোভাযাত্রার পথ আল-সাদরাইন ওভারপাস থেকে ইমাম আলীর মাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এবং কারবালায় প্রায় ৫ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ হবে। অংশগ্রহণকারীদের সুবিধার্থে নাজাফে ৩৫১টি এবং কারবালায় ৪০০টির বেশি সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুরো শোভাযাত্রা জুড়ে ১৫০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ